হবিগঞ্জে শেয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ২৭

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ | ছবি: সংগৃহীত
0

হবিগঞ্জের লাখাইয়ে লোকালয়ে ঢুকে একটি শেয়ালের হামলায় নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহত হয়েছেন। গতকাল (সোমবার, ১২ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক, লকনাউক ও সানাবই এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ একটি শেয়াল লোকালয়ে ঢুকে পড়ে। এরপর পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর একের পর এক হামলা চালিয়ে কামড় দিতে থাকে। এতে মুহূর্তের মধ্যে কয়েকটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে ৮ জন নারী, ১৮ জন পুরুষ ও একজন কিশোর রয়েছেন। রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শেয়ালের কামড়ে আহত মোট ২৭ জন চিকিৎসা নেন।

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুৎফুল হাসান শোহন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হঠাৎ করে লোকালয়ে শেয়ালের এমন হামলার ঘটনায় সাতাউক, লকনাউক ও সানাবই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

এসএইচ