ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

সড়ক দুর্ঘটনার প্রতীকী
সড়ক দুর্ঘটনার প্রতীকী | ছবি: এখন টিভি
0

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে হিটলার বিশ্বাস (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জের বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা জেলার দোহার থানার শাইনপুকুর তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পূজার ছুটিতে শুক্রবার কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি গোপালগঞ্জে যাচ্ছিলেন হিটলার বিশ্বাস। পথে বাবলাতলা এলাকায় পৌঁছালে সার্বিক পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান জানান, মোটরসাইকেল ও সার্বিক পরিবহনের একটি বাসের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এএইচ