ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক বিভাজন সৃষ্টি কাম্য নয়: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ি বিতরণ করেছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ি বিতরণ করেছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী | ছবি: এখন টিভি
0

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ধর্ম যার যার, দেশটা সবার—এই চেতনাকে ধারণ করে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।

আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে আয়োজিত অর্থ সহায়তা ও প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩৬টি পূজামণ্ডপে মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ সহায়তা এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ি বিতরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘রাজনীতির মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন ও ভালোবাসা তাদের অনুপ্রাণিত করেছে।’

তিনি বলেন, ‘যারা মানুষের পাশে থাকবে এবং তাদের উন্নয়ন ও অধিকার রক্ষায় কাজ করবে, জনগণ তাদের সমর্থন দেবে— এটাই গণতান্ত্রিক অধিকার।’

ফকির মাহবুব আনাম বলেন, ‘দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সম্প্রীতির পরিবেশে উদযাপনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের সুখে-দুঃখে পাশে থাকা এবং প্রয়োজনীয় সহযোগিতা করা আমাদের দায়িত্ব।’

এসময় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী ও তার পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন।

ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি ধনবাড়ীর সভাপতি এসএমএ সোবাহান, ধানবাড়ী উপজেলা বিএনপি সম্পাদক এনামুল হক ভিপি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, হিন্দু ঐক্যফ্রন্টের সভাপতি নিরঞ্জন চন্দ্র সাহাসহ স্থানীয় বিএনপি নেতারা, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে, মন্ত্রী মধুপুর উপজেলা পরিষদে নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

এসএইচ