খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি শিশুটিকে চকলেট ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ফতুল্লার চানমারি এলাকা থেকে শিবু মার্কেটের দিকে নিয়ে যায়। পরবর্তীতে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে অজ্ঞাত এক মহিলা শুক্রবার বিকেলে শিশুটিকে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেখে যান।
এ বিষয়ে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক আবুল বাশার জানান, বিকেলে শিশুটিকে একজন মহিলা হাসপাতালে রেখে পালিয়ে যায়। পরে আমরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করি এবং বিষয়টি ফতুল্লা থানা পুলিশকে জানাই। পরে বিকেলে পুলিশ এসে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এদিকে ফতুল্লা থানার পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানান, শুক্রবার বিকেল অজ্ঞাতপরিচয় এক মহিলা শিশুটিকে খানপুর হাসপাতালে রেখে চলে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনার বিষয়ে খোঁজখবর নেয়। পরে শুক্রবার সন্ধ্যায় শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, আমরা ঘটনাটি শুনেছি এবং শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এই ঘটনায় আমরা অভিযুক্ত দুই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছি।





