আজ (শুক্রবার, ৩ এপ্রিল) সকালে পৃথক দুইটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।
এর আগে, আজ ভোরে কলমাকান্দার বরুয়াকোনা ও ময়মনসিংহের ধোবাউড়ার মুন্সিপাড়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করে বিজিবি। অভিযানের খাদ্যপূর্ণ ছাড়াও ১০২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের রাজাবাড়ী ব্রিজ এলাকায় অভিযান চালায় বরুয়াকোনা বিওপির সদস্যরা। এসময় সীমান্ত মেইন পিলার ১১৮১/২-এস হতে প্রায় দেড় কিলোমিটার অভ্যন্তরে বিজিবি সদস্যদের অবস্থিত টের পেয়ে চোরাকারবারিরা পণ্য বোঝাই একটি ট্রাক ফেলে পালিয়ে যায়।
আরও পড়ুন:
পরে ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে আসা ২১০ কেজি ভারতীয় জিরা, ১২৬৪ কেজি ফুচকা এবং ১০০০ পিস পন্ডস পাউডার জব্দ করা হয়। জব্দকৃত ট্রাক ও মালামালের আনুমানিক সিজার মূল্য ৩০ লাখ ৭১ হাজার ৪৮০ টাকা।
অন্যদিকে, এ দিন ভোরে ধোবাউড়ার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কড়াইগড়া এলাকায় মুন্সিপাড়া বিওপির মাদকবিরোধী অভিযানে সীমান্ত মেইন পিলার ১১৩৯/৫-এস হতে ৪০০ গজ অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল মদ জব্দ করেন বিজিবি সদস্যরা।
এ ব্যাপারে নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, জব্দকৃত চোরাচালানী পণ্য নেত্রকোণা কাস্টমস অফিসে এবং মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হবে।
এছাড়া সীমান্তে চোরাচালান ও মাদক রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।





