আজ (শনিবার, ২৭ জুন) ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ সামন্তা বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে চোরাকারবারিরা ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, আজ ভোর ৪টা ৪০ মিনিটের দিকে সামন্তা বিওপির সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিলো।
এসময় সীমান্ত পিলার ৫৭/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামের মো. মোনতাজ আলীর পুকুরের উত্তর পাড়ের জঙ্গলের মধ্যে দু’জন অজ্ঞাতপরিচয় চোরাকারবারিকে দেখতে পায় বিজিবি।
আরও পড়ুন:
টহল দলটির সদস্যরা চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে দৌড়ে শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে পরিত্যক্ত ব্যাগটি উদ্ধার করেন। ব্যাগটি তল্লাশি করে ভেতরে একটি কার্টুনের মধ্যে থেকে ইতালির তৈরি ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলেও জানান তিনি।





