মানিকগঞ্জে জমিতে নারীর মরদেহ; শরীরে ধারালো অস্ত্রের আঘাত

মরদেহের প্রতীকী
মরদেহের প্রতীকী | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি থেকে লাইলী বেগম (৫৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের পাশ থেকে একটি স্টিলের চাকুও উদ্ধার করা হয়েছে।

আজ (রোববার, ৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের চরধানকোড়া গ্রামের পশ্চিম পাশের একটি চকে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহত লাইলী বেগমের স্থায়ী ঠিকানা বরিশালের বানারীপাড়া উপজেলার মলুহার গ্রামে। বর্তমানে তিনি ঢাকার মিরপুরে বসবাস করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, লাইলী বেগমের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এতে তার পেটের ভেতরের অংশ বের হয়ে ছিল। মরদেহের পাশেই একটি স্টিলের চাকু পড়ে ছিল।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘চরধানকোড়া এলাকায় এক নারীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তার পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এএইচ