বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টার ঘটনায় অভিযান চালিয়ে ওই আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বেড়িবাঁধের পশ্চিম পাশে চাঁদ উদ্যানের ‘রোজ ভিলা’ লাগোয়া জমিতে থাকা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ভিডিওতে একদল মানুষকে ওই কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকতে দেখা যায়। পরে সেখানকার বিভিন্ন মালামাল সরিয়ে নেয়ার দৃশ্যও রেকর্ড হয়।
এ ঘটনায় রোববার ১০ জনের নাম উল্লেখ করে এবং অচেনা ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেন হামলার শিকার কার্যালয়ের কর্মী আনোয়ার হোসেন রিপন। এরপর মোহাম্মদপুরের ২৯ নম্বর বাসা থেকে ২৩ বছর বয়সি লিমন এবং বাঁশবাড়ি এলাকা থেকে ২৫ বছর বয়সি মনোয়ার হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তাররা চুক্তিতে ছিনতাই এবং জমি দখলের কাজে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। লিমন ও সাদ্দামের বিরুদ্ধে এর আগেও ছিনতাই ও মারামারির মামলা রয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, জমিটি স্থানীয় আলমের দখলে ছিল। শনিবার সকালে জনি ও রেজাউলের নেতৃত্বে ১৫০ থেকে ২০০ জন সেখানে গিয়ে টিনের বেড়া ভেঙে দেন। পরে তারা জমিতে থাকা একটি কার্যালয়ে ঢুকে ভাঙচুর করেন এবং নতুন করে টিনের বেড়া দিয়ে জমিটি দখলের চেষ্টা করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।





