আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার চকমিরপুর ইউনিয়নের সমেতপুর প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান দৌলতপুর বাজারের মেসার্স দীপু ট্রেডার্সের সাব-ডিলার।
স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নবদিয়া গ্রামের মামুন মিয়া দৌলতপুর বাজারের ওই সাব-ডিলারের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ১১ বস্তা সার কেনেন। পরে সার নিয়ে যাওয়ার পথে সমেতপুর এলাকায় স্থানীয় কৃষক ও বাসিন্দারা সারবোঝাই ভ্যানটি আটক করেন। তারা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান।
আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে যান দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।
সেখানে ঘটনার সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাব-ডিলার হাবিবুর রহমানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ১১ বস্তা সার জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস বলেন, ‘সরকারি সার অবৈধভাবে অন্যত্র বিক্রি এবং বেশি দাম নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’





