বিদেশ ভ্রমণে ডলার নেয়ার সীমা বাড়লো, এখন কত?

প্রতীকী
প্রতীকী | ছবি: এআই নির্মিত
0

বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা নেয়ার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি প্রতি পঞ্জিকা বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। এতদিন এ সীমা ছিল ১২ হাজার ডলার।

আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি-১) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের প্রকৃত ভ্রমণ চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক যোগাযোগের ক্রমবর্ধমান প্রয়োজন বিবেচনায় বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্টের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ বছরের কম বয়সী অপ্রাপ্তবয়স্কদের জন্য বৈদেশিক মুদ্রা নেয়ার সীমা প্রাপ্তবয়স্কদের নির্ধারিত সীমার ৫০ শতাংশই থাকছে। অর্থাৎ তারা প্রতি বছরে সর্বোচ্চ ৯ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবে।

তবে পুরো ভ্রমণ কোটা নগদ ডলার হিসেবে নেয়া যাবে না। একজন ভ্রমণকারী সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার নগদ বা নোট সঙ্গে রাখতে পারবেন। বাকি অর্থ কার্ড, ট্রাভেলার্স চেকসহ অনুমোদিত অন্যান্য মাধ্যমে নেয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আরও বলা হয়েছে, এ বিষয়ে আগে জারি করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে গ্রাহক ও সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

এএইচ