আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনসের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে এ সমস্যা দেখা দিয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, আইটি কনসালট্যান্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কে প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলায় কয়েকটি ব্যাংকের ডিজিটাল লেনদেন সেবা ব্যাহত হচ্ছে।
গ্রাহকদের স্বার্থ এবং আর্থিক লেনদেনের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরই মধ্যে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করা হয়েছে।
আরও পড়ুন:
একই সঙ্গে সুইচিংসহ কার্ড-সংশ্লিষ্ট সব সেবা দ্রুত পুনরায় চালুর নির্দেশ দেয়া হয়েছে।
তবে কিউ-ক্যাশ নেটওয়ার্কের এই সমস্যার প্রভাব দেশের পুরো ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় পড়েনি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এনপিএসবি প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি সংযুক্ত বিভিন্ন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী এবং অন্যান্য পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্বাভাবিক লেনদেন অব্যাহত রয়েছে।
এছাড়া বাংলাদেশ ব্যাংক পরিচালিত অন্যান্য পরিশোধ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস পেমেন্ট সিস্টেম (বিএসিপিএস), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এবং রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস)।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, পরিস্থিতিতে গ্রাহকদের নিজ নিজ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করতে হবে। প্রয়োজন হলে বিকল্প পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারেরও পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।





