Recent event

‘গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে’

0

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ধান উৎপাদনে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে। এর মাধ্যমে শুধু কার্বন নিঃসরণ কমানোই নয়, পানির ব্যবহার কমানোর মাধ্যমে সম্পদের সর্বোচ্চ ব্যবহারের পথও সুগম হবে। কার্বন নিঃসরণ কমাতে পারলে আন্তর্জাতিক কার্বন ক্রেডিটিংয়ের মাধ্যমে আয় করা সম্ভব হবে।’

আজ (বুধবার, ১ মে) রাজধানীর পরীবাগে মন্ত্রীর বাসভবনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও সিসকোর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, ‘এডিবি ও সিসকো দেশের বরেন্দ্র অঞ্চলে প্রায় এক লাখ হেক্টর জমিতে সমন্বয়ের মাধ্যমে পাইলট প্রকল্প শুরুর কথা জানিয়েছে। আধুনিক প্রযুক্তির সহযোগিতায় পানির সংকট নিরসন ও কার্বন নিঃসরণ কমাতে পারলে তাদের এই উদ্যোগকে সমর্থন করা হবে। তাদেরকে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব প্রেরণ করতে বলা হয়েছে।

এ সময় মন্ত্রী ভূগর্ভস্থ পানি হ্রাস ও ডিকার্বনাইজেশনের প্রভাবের মতো সমস্যাগুলো মোকাবিলার স্মার্ট কৃষি কৌশল বাস্তবায়নে বেসরকারি খাতের সম্পৃক্ততা ও কৃষকদের গুরুত্ব তুলে ধরেন।

প্রতিনিধি দলের সঙ্গে এডিবির বাংলাদেশের আবাসিক মিশনের প্রধান অর্থনীতিবিদ তাকাশি ইয়ামানো, এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ড. যশোদা জীবন দেবনাথ ও সিসকোর ডিজিটাল ট্রান্সফরমেশন অফিসের টেক লিড অব বাংলাদেশ দীনেশ পাল সিং প্রমুখ উপস্থিত ছিলেন।