২০৩৬ সালের মধ্যে উন্নত এআই ও রোবোটিক্স মানুষের চাহিদার চেয়েও বেশি পণ্য ও সেবা উৎপাদন করবে। ফলে প্রচলিত অর্থ বা মুদ্রার প্রয়োজনীয়তা অনেকটাই ফুরিয়ে আসবে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে চায়না মিডিয়া গ্রুপ-কে দেয়া এক সাক্ষাৎকারে এইআই নিয়ে নিজের এরকম বেশ কিছু ভাবনার কথা জানিয়েছেন টেসলা ও স্পেসএক্স-এর সিইও ইলোন মাস্ক।
এসময় মাস্ক, চীনা এআই কোম্পানিগুলোর পারফরম্যান্সকে বর্তমান বিশ্বের ‘সবচেয়ে সেরা’ বলে অভিহিত করেন। সীমিত কম্পিউট ক্ষমতা থাকা সত্ত্বেও চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলো অত্যন্ত চমৎকার পারফর্ম করছে বলেও মাস্কের মত।
উন্নত ফ্রন্টিয়ার এআই সিস্টেমের ঝুঁকি কমাতে এবং এর সুরক্ষা নিশ্চিত করতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ নিয়ন্ত্রণ ব্যবস্থার গ্রহণের প্রস্তাব দিয়েছেন তিনি। এছাড়া শীর্ষ এআই কোম্পানিগুলোকে একে অপরের মডেল পরীক্ষার জন্য একটি পিয়ার-রিভিউ সিস্টেম চালুর পক্ষে মত দেন ইলোন। তবে সেটিকে অবশ্যই চীন-যুক্তরাষ্ট্র বা কোনো একক দেশের গণ্ডি ছাড়িয়ে কাজ করতে হবে।
ইলোন মাস্ক বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণের জন্য একটি কার্যকরী কমিটি গঠন করা যেতে পারে। আমি মনে করি, সেটি কার্যকর করতে শুধু যুক্তরাষ্ট্র বা চীনের আইনকানুন থাকলেই চলবে না। যেকোনো দেশে উৎপাদিত এআই-এর ক্ষেত্রে কীভাবে ন্যায্যভাবে আইন প্রয়োগ করা যায়, সেটাই মূল বিষয়। কিন্তু এক্ষেত্রে চীন এবং যুক্তরাষ্ট্রই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা এআই-এর নিরাপত্তা এবং সমগ্র মানবজাতির জন্য মঙ্গলজনক হবে।’
আরও পড়ুন:
মাস্ক মত দেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে চীনের উন্নত সেমিকন্ডাক্টর বা চিপ পাওয়ার ক্ষেত্রে যে সীমাবদ্ধতা রয়েছে, তা চীন আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে সমাধান করবে। লিথোগ্রাফি ও নিজস্ব চিপ তৈরির মাধ্যমে এ অগ্রগতি করবে চীন।
এআই-এর দ্রুত অগ্রগতি উল্লেখ করে তিনি জানান, এআই সফটওয়্যারের উন্নতির হার অত্যন্ত দ্রুত। আগামী কয়েক বছরের মধ্যেই যেকোনো ডিজিটাল কাজ মানুষের চেয়েও বহু গুণ নিখুঁতভাবে করতে পারবে। টেসলার হিউম্যানয়েড রোবট ‘অপ্টিমাস’ নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী। তার ধারণা, আগামী ১০ বছরের মধ্যে পৃথিবীতে মানুষের চেয়ে রোবটের সংখ্যা বেশি হতে পারে।
এসময়ের মধ্যে হিউম্যানয়েড রোবটের সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যেতে পারে। মানুষের তুলনায় রোবটের রিঅ্যাকশন টাইম ও শারীরিক কর্মদক্ষতা অনেক বেশি হওয়ায় তারা মূলধারায় জায়গা করে নেবে।
ইলোন মাস্ক বলেন, ‘রোবটরা খুব দ্রুত প্রতিক্রিয়া জানায়। প্রতিক্রিয়া জানাতে রোবটকে হারানো খুব কঠিন হবে। এক্ষেত্রে বড় বাধা আমাদের জৈবিক সীমাবদ্ধতা। কিন্তু রোবটের ক্ষেত্রে আপনি শুধু তার অ্যাকচুয়েটর ও সেন্সর উন্নত করতে পারেন, ক্যামেরার ফ্রেম রেট বাড়াতে পারেন। তাতে কৃত্রিম বুদ্ধিমত্তার কম্পিউটিং ক্ষমতা বাড়াতে পারেন। তাহলেই এটি মৌলিকভাবে মানুষের চেয়ে অনেক ভালো হবে। এর প্রতিক্রিয়াও হবে দ্রুততর। আমি রোবটের খেলাগুলো খুব উপভোগ করি। যুক্তারাষ্ট্রের সোশ্যাল মিডিয়া জুড়ে এটি ছড়িয়ে আছে।’
এছাড়া তিনি এআই-এড় মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া বা এর ক্ষতিকর পরিণতির সম্ভাবনা ১০ থেকে ২০ শতাংশ উল্লেখ করেও আশঙ্কা প্রকাশ করেন।





