মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রকারে বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ব্রিটিশ জ্বালানি জায়ান্ট ‘শেল’-এর নিট মুনাফা ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতিষ্ঠানটির কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৫৬৯ কোটি ডলারে, যা গত বছরের একই সময়ে ছিল ৪৭৮ কোটি ডলার। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
শেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ায়েল সাওয়ান এক বিবৃতিতে বলেন, ‘বিশ্ব জ্বালানি বাজারে নজিরবিহীন অস্থিরতার এই সময়ে আমাদের ক্রমাগত কার্যক্রম ও কর্মক্ষমতার ওপর গুরুত্ব দেওয়ার ফলে এই শক্তিশালী মুনাফা অর্জন সম্ভব হয়েছে।’
মূলত গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ বিঘ্নিত হওয়ায় দামের ঊর্ধ্বগতি শেলের এই বিশাল আয়ের পথ প্রশস্ত করেছে।