Recent event

ট্রাম্প-মোদি দ্বন্দ্বের অবসান; ভারতের পণ্যে শুল্ক কমে দাঁড়ালো ১৮ শতাংশে

ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী
ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী |
0

অবশেষে ট্রাম্প-মোদি দ্বন্দ্বের অবসান হলো। শুল্ক নিয়ে ভারতের ওপর চড়াও ট্রাম্প ছয় মাসের মাথায় ৫০ শতাংশ থেকে ১৮ শতাংশে কমিয়ে চূড়ান্ত করলেন বাণিজ্যচুক্তি। আগস্টে আরোপ করা অতিরিক্ত শুল্কের পাশাপাশি রাশিয়া থেকে তেল না কিনতে রাজি হওয়ায় তুলে নেয়া হয়েছে পেনাল্টি হিসেবে আরোপ করা অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্কও। বিনিময়ে যুক্তরাষ্ট্রের পণ্যের ক্ষেত্রে শুল্ক ও নন-ট্যারিফ বাধা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি ভারতের। এছাড়া, নতুন চুক্তি অনুযায়ী ওয়াশিংটন থেকে জ্বালানিসহ ৫শ হাজার কোটি ডলারের পণ্য আমদানি করবে ভারত।

ঠিক এক সপ্তাহ আগে নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ ঐতিহাসিক এক বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন। প্রায় দুই দশক ধরে ঝুলে থাকার পর চুক্তি হওয়ায় এই অর্জনকে যখন ফলাও করে প্রচার করছে নয়াদিল্লি তখন ওয়াশিংটন থেকেও এলো সুবাতাস।

গেল বছরের জুলাই মাসে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। যা কার্যকর হয় সে বছরের আগস্টের প্রথম দিন থেকেই। এরপর মস্কো থেকে তেল কেনা বন্ধ না করায় ঐ মাসেই অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক কার্যকর করেন মার্কিন প্রেসিডেন্ট। সব মিলিয়ে ৫০ শতাংশ শুল্কের বোঝা কমাতে বহুবার কূটনৈতিক প্রচেষ্টা চালায় নয়াদিল্লি।

অবশেষে এই শুল্ক দ্বন্দ্বের নিষ্পত্তি হয়েছে সোমবার। মোদির সঙ্গে দীর্ঘ ফোনালাপের পর চূড়ান্ত হয়েছে যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি। চুক্তির আওতায় ভারতীয় পণ্যে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালের পোস্টে আরও দাবি করেছেন, মস্কো থেকে তেল না কেনার শর্তে রাজি হয়েছে নয়াদিল্লি।

আরও পড়ুন:

পরিবর্তে যুক্তরাষ্ট্র, এমনকি ভেনেজুয়েলা থেকে জ্বালানি তেল কিনবে ভারত। হোয়াইট হাউজ সূত্র নিশ্চিত করেছে, ফলে রাশিয়ার তেল কেনা নিয়ে পেনাল্টি হিসেবে ভারতের পণ্যে অতিরিক্ত যে ২৫ শতাংশ শুল্ক বসান ট্রাম্প, তাও বাতিল করা হয়েছে।

তবে এখন থেকে যুক্তরাষ্ট্রের পণ্যের ক্ষেত্রে শুল্ক ও নন-ট্যারিফ বাধা শূন্যে নামিয়ে আনার শর্ত মানতে হবে ভারতকে। পোস্টে ট্রাম্প আরও ঘোষণা করেছেন, বাণিজ্যচুক্তির অংশ হিসেবে ওয়াশিংটন থেকে জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও কয়লাসহ ৫শ হাজার কোটি ডলারেরও বেশি মূল্যের পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে নয়াদিল্লি।

বিপরীতে ট্রাম্পের প্রশংসায় ভাসছেন মোদি। শুল্ক কমানোয় ১৪০ কোটি ভারতীয়র পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যচুক্তির খবর প্রকাশের সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়েছে মুম্বাইয়ের শেয়ার বাজার। সোমবার বড় দরপতনের পর মঙ্গলবার সকাল থেকে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স এক লাফে বেড়েছে ৩৬০০ পয়েন্ট পর্যন্ত। নিফটি ফিফটি'র সূচক বেড়েছে ১,২০০ পয়েন্ট পর্যন্ত।

এএম