সরাসরি আপডেট

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাত
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাত | ছবি: এখন টিভি
0

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাত

যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এ সংঘাতে ইসরাইলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হামলায় খামেনি ছাড়া ইরানের আরও ৪৮ জন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন। ইরান এর প্রতিশোধ হিসেবে কেবল ইসরাইল নয়, বরং দুবাই, দোহা, বাহরাইন এবং কুয়েতের মতো শহরগুলোয়ও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। ইরানের ওপর চালানো হামলায় অন্তত ১৩৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে ইসরাইলের বেইট শেমেশ এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এছাড়া মার্কিন সামরিক বাহিনী এই যুদ্ধে তাদের ৩ জন সেনাসদস্যের নিহতের খবর নিশ্চিত করেছে।

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন মাজিদ এবনেলরেজা

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় প্রতিরক্ষামন্ত্রী নিহত হওয়ার পর ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে রেভল্যুশনারি গার্ডসের জেনারেল মাজিদ এবনেলরেজাকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক উপদেষ্টা মেহদি তাবাতাবাই জানান, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের নির্দেশে রেভল্যুশনারি গার্ডসের জেনারেল মাজিদ এবনেলরেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নেতানিয়াহুর কার্যালয়কে নিশানা করে হামলা চালিয়েছে ইরান: রেভোলিউশনারি গার্ড

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও ইসরাইলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)।

ইরানের সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি আজ (সোমবার, ২ মার্চ) রেভোলিউশনারি গার্ডের বিবৃতির বরাত দিয়ে এ কথা জানিয়েছে।

নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে: ইরান

জাতিসংঘের পারমাণবিক সংস্থায় নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি জানিয়েছেন, মার্কিন ও ইসরাইলি বাহিনী রোববার তাদের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় আঘাত হেনেছে।

সোমবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ৩৫ জাতির গভর্নরদের বোর্ড মিটিংয়ের সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা আবার গতকাল ইরানের শান্তিপূর্ণ, সুরক্ষিত পারমাণবিক স্থাপনাটিতে হামলা চালিয়েছে।’

ওমান উপকূলে তেল ট্যাংকারে হামলায় নিহত ১

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, মাসকাত গভর্নরেট উপকূল থেকে ৫২ নটিক্যাল মাইল দূরে এমকেডি ভিওয়াইওএম তেল ট্যাংকার আক্রান্ত হয়। এতে আক্রমণ চালায় বিস্ফোরক ঠাসা একটি নৌকা।

হামলার ফলে ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটে এবং অন্তত একজন ক্রু নিহত হয়েছে। এছাড়া ২১ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

হিজবুল্লাহর প্রধান নাইম কাসেমকে ‘নির্মূল’ করা ইসরাইলের লক্ষ্য: কাটজ

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম এখন তাদের ‘নির্মূলের লক্ষ্য’। লেবাননে জঙ্গিবিমান থেকে বোমাবর্ষণ করে ৩১ জনকে হত্যা করার পর ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।

ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার সামরিক আগ্রাসনে ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থায় (আইএইএ) নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি এ তথ্য নিশ্চিত করেছেন। নাজাফি বলেন, ‘গতকাল তারা আবারও ইরানের শান্তিপূর্ণ ও আন্তর্জাতিক তদারকির আওতায় থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।’

ইরানে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে: রেড ক্রিসেন্ট

ইরানজুড়ে মার্কিন ও ইসরায়েলি হামলায় অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। তবে এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।

বাগদাদের দক্ষিণে হিজবুল্লাহর অবস্থানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা

ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখর এলাকায় ইরান সমর্থিত আধাসামরিক গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে এমনটি জানিয়েছেন।

হামলার পর কাতাইব হিজবুল্লাহর স্থাপনা, যানবাহন ও গুদামগুলোতে আগুন ধরে যায়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা

এক্স-এ প্রকাশিত এক পোস্টে মার্কিন সংবাদ মাধ্যম সেমাফোরের একজন প্রতিবেদক সূত্রের বরাত দিয়ে বলেছেন, সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে ড্রোন হামলার পর আগুন ধরে যায়। তবে দ্রুতই আগুন নেভানো হয়েছে। প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছে, ইরান সৌদি তেল অবকাঠামোতে হামলা চালিয়ে থাকতে পারে।

রাস তানুরা বিশ্বের বৃহৎ তেল শোধনাগার এবং রপ্তানিকারকদের মধ্যে একটি। এই শোধনাগারটি সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগার, যার দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেল। হামলার পর সতর্কতাস্বরূপ শোধনাগারের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম হারেৎজ।

কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সতর্কতা মার্কিন দূতাবাসের

কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, দেশটির আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও মানববিহীন আকাশযান (ইউএভি) হামলার “চলমান হুমকি” রয়েছে।

এক বিবৃতিতে দূতাবাস উল্লেখ করে, কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের তাদের অবস্থানে নিরাপদ আশ্রয়ে থাকার, সম্ভাব্য হামলার ক্ষেত্রে নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করার এবং ভবিষ্যতে অতিরিক্ত হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

আহমেদিনেজাদ জীবিত আছেন, দাবি উপদেষ্টার

জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তার এক ঘনিষ্ঠ উপদেষ্টা। গতকাল ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তার মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে ওই উপদেষ্টা বলেন, ‘আমি তার সঙ্গে যোগাযোগে আছি। সব ঠিক আছে।’ তিনি আরও জানান, গতকাল তার নিরাপত্তা দলের সঙ্গে সংশ্লিষ্ট একটি ভবনে হামলা হয়েছে। তার তিনজন দেহরক্ষী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর সদস্য নিহত হয়েছেন। তবে ওই ভবন থেকে ১০০ মিটার দূরে থাকা তার নিজ বাসভবন অক্ষত রয়েছে এবং সেটিকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি।

এর আগে, গতকালই ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা আহমাদিনেজাদ ইসরাইল-যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।

আমিরাত, কাতার ও বাহরাইনের বিভিন্ন জায়গা বিস্ফোরণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, কাতারের দোহা এবং বাহরাইনের মানামাতে আজ সোমবার নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া জেরুজালেম শহরেও বিস্ফোরণ হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

এদিকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ও বাহরাইনের রাজধানীতে বিকট শব্দে কয়েকটি বিস্ফোরণ হয়েছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহরেও বিস্ফোরণ হয়েছে।

জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চিঠি

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদকে চিঠি পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। চিঠিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানান তিনি। পাশাপাশি এ হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেন তিনি।

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩১ , আহত ১৪৯

ইসরাইলের বিমান হামলায় লেবাননে ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় লেবাননে ইরান সমর্থিত রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর লেবাননে হিজবুল্লাহর স্থাপনাগুলোতে আঘাত হানতে শুরু করে ইসরায়েল। এ হামলায় এখন পর্যন্ত হতাহতের এ তথ্য পাওয়া গেছে।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

কুয়েতের আকাশসীমায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। কুয়েতে মার্কিন দূতাবাসের কাছ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

সাম্প্রতিক কয়েক ঘণ্টায় উপসাগরীয় দেশটিতে বিমান হামলার সাইরেন শোনা যাওয়ার পর এ ঘটনা ঘটেছে।

হিজবুল্লাহর হামলার পর বৈরুতে ইসরাইলের আঘাত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননে ইরান সমর্থিত রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ হামলার পর লেবাননে হিজবুল্লাহর স্থাপনাগুলোতে আঘাত হানতে শুরু করে ইসরাইল।

রয়টার্স জানায়, এ দিন ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণাংশের শহরতলীগুলোতে বিমান হামলা চালিয়েছে। লেবাননের রাজধানীতে এক ডজনেরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

খামেনির মৃত্যু ও ইরানে হামলার নিন্দা বিভিন্ন দেশের

সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোকে আচ্ছন্ন বিশ্ব। পাকিস্তানের করাচিতে খামেনিপন্থি বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২১ জন।

এছাড়া, ইরানি জনগণের সমর্থনে রাস্তায় নেমেছে ইরাক, ভারত ও দক্ষিণ কোরিয়াসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের সাধারণ মানুষ। এদিকে খামেনির মৃত্যু এবং ইরানে হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান, মালয়েশিয়া, উত্তর কোরিয়াসহ বিভিন্ন দেশ।

ইরান যুদ্ধ: ঊর্ধ্বমুখী তেলের দাম

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রভাব নিয়ে বিনিয়োগকারীদের মূল্যায়নের মধ্যে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছে। সেই সঙ্গে পুঁজিবাজারেও পতন ঘটছে।

এশিয়ায় ব্রেন্ট ক্রুডের দর সোমবার সর্বোচ্চ ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল, দিনের পরের ভাগে তা স্থিতিশীল হয়। আর আন্তর্জাতিক মানদণ্ডে ব্রেন্ট ক্রুডের দর প্রায় ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৬ দশমিক ৪৮ ডলারে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান: লারিজানি

ইরানের নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না। আজ (সোমবার, ২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেছেন।

ইরানের নতুন নেতৃত্ব ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরুর চেষ্টা করছে বলে খবর প্রকাশের পর এমন দাবি করেছেন লারিজানি।

নতুন নেতৃত্বের সঙ্গে কথা বলতে রাজি ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলতে চায়। তিনিও এতে রাজি হয়েছেন।

আল জাজিরা প্রতিবেদনে বলা হয়, দ্য আটলান্টিক ম্যাগাজিনে ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘তারা (ইরানের নতুন নেতৃত্ব) কথা বলতে চায় এবং আমি কথা বলতে রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব।’

ট্রাম্প আরও বলেন, ‘তাদের এটি আরও আগেই করা উচিত ছিল। যে বিষয়গুলো খুবই বাস্তবসম্মত এবং করা সহজ ছিল, তা তাদের আরও আগেই করা উচিত ছিল। তারা অনেক বেশি দেরি করে ফেলেছে।’

তেহরানে হামলার মাত্রা বাড়ানোর হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে ‘অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন।’

প্রতিরক্ষামন্ত্রী, চিফ অব স্টাফ এবং মোসাদ সিকিউরিটি সার্ভিসের প্রধানের সাথে এক বৈঠকের সময় এই নির্দেশ দিয়েছেন তিনি।

তেল আবিবের কিরিয়ার ছাদ থেকে দেয়া বক্তব্যে নেতানিয়াহু বলেছেন, ‌‘আমাদের বাহিনী এখন সর্বোচ্চ শক্তি নিয়ে তেহরানের কেন্দ্রে হামলা করছে এবং আগামী দিনগুলোতে এ হামলার মাত্রা আরও বাড়বে।’

তিনি বলেন, ‘যদিও এই দিনগুলো দুঃখের দিন। গতকাল তেলআবিবে এবং আজকে বেইত সেমেশে আমরা আমাদের প্রিয় মানুষদের হারিয়েছি। এই পরিবারগুলোর প্রতি আমার হৃদয়ের গভীর থেকে সমবেদনা জানাচ্ছি এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাপ্রকাশ করছি।’

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার জবাব দেয়ার ঘোষণা হিজবুল্লাহর

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাব দেয়ার কথা জানিয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ।

এক বিবৃতিতে লেবানন হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম বলেছেন, এই গোষ্ঠি "সম্মান ও প্রতিরোধের ক্ষেত্র ত্যাগ করবে না।" ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে "অপরাধের সর্বোচ্চ" হিসেবে অভিহিত করেছেন কাসেম।

তিনি বলেন, ‘বিধাতার নির্দেশনা ও সমর্থনের ওপর আস্থা রেখে আমরা এই আগ্রাসন মোকাবেলায় আমাদের কর্তব্য পালন করবো।’

আসু