ইরানে তেল শোধনাগারে হামলা, ইসরাইলকে ৬৫০ মিলিয়ন ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার হুমকির পর ইরানের বেশ কয়েকটি তেল শোধনাগারে হামলা হয়েছে। আরও হামলার পরিকল্পনায় কংগ্রেসের পর্যালোচনা ছাড়াই ইসরাইলের কাছে প্রায় ৬৫০ মিলিয়ন ডলার মূল্যের ২০ হাজারের বেশি বোমা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও ইরানে স্থল সেনা পাঠানোর বিষয়ে এখনই মন্তব্য করতে রাজি হননি ট্রাম্প। অন্যদিকে কাতার, ইরাক, সৌদি আরব আর বাহরাইনে হামলা চালিয়েছে ইরান।

আলো ফোটার আগেই তেহরানের আকাশে আলোর ঝলকানি। দূরে দাউদাউ করে জ্বলছে আগুন। এই দৃশ্য রাজধানীর শাহরান তেল শোধনাগারের। ইরানে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দেয়ার পর, দেশটির বড় তেল শোধনাগারসহ ৩টি তেল সংরক্ষণাগারে হামলা করেছে ইসরাইল। জানা গেছে, এগুলো আইআরজিসি'র মালিকানাধীন ছিল।

শুধু তেহরান নয়। শনিবার দিনগত রাতে হামলা হয়েছে লেবাননের বৈরুতে। ইসরাইলি হামলার জেরে দক্ষিণ লেবানন থেকে সরে যেতে বাধ্য হয়েছেন সাড়ে ৪ লাখ বাসিন্দা।

আরও পড়ুন:

জবাবে ইসরাইলের তেল আবিব ছাড়াও অধিকৃত পশ্চিম তীরে আইডিএফের ঘাটি লক্ষ্য করে হামলা করেছে ইরান। প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে পাল্টা হামলা না করার প্রতিশ্রুতি দিলেও কাতার, সৌদি আরব, বাহরাইনে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ড্রোন ও মিসাইল প্রতিহতের দাবি করছে তারা। এছাড়াও, বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে আইআরজিসি। ড্রোন হামলা চালানো হয়েছে উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে।

এমন প্রেক্ষাপটে ইরানে স্থল সেনা পাঠানোর পরিকল্পনা নিয়ে স্পষ্ট কোনো জবাব দিচ্ছেন না ট্রাম্প। তবে চলমান সংঘাতে যুক্তরাজ্যের ভূমিকায় সন্তুষ্ট নন তিনি। ট্রুথ সোশ্যালের পোস্টে দাবি করেছেন, যে যুদ্ধে যুক্তরাষ্ট্র জিতেই আছে এখানে আর যুক্তরাজ্যের সহায়তার প্রয়োজন নেই। আর, চলমান এই সংঘাতে মধ্যে কংগ্রেসের পর্যালোচনা ছাড়াই ইসরাইলের কাছে প্রায় ৬৫০ মিলিয়ন ডলার মূল্যের ২০ হাজারের বেশি বোমা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইএ