ইরানের ৩ তেলের ডিপোতে হামলার দাবি ইসরাইলের

ইরানের তেলের ডিপোতে হামলা
ইরানের তেলের ডিপোতে হামলা | ছবি: সংগৃহীত
2

ইরানের ৩টি তেলের ডিপোতে ইতিহাসের ভয়াবহ হামলার দাবি করেছে ইসরাইল। ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, শনিবার পুরো ইরানজুড়ে অন্তত ৩০টি তেল সংরক্ষণাগারকে হামলার লক্ষ্যবস্তু করা হয়। এছাড়াও, বৈরুতে আইআরজিসি'র এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইল। জবাবে তেল আবিবসহ ইরাকের মার্কিন ঘাঁটি, রিয়াদের কূটনৈতিক এলাকা ও কুয়েত বিমানবন্দরের ড্রোন আক্রমণ চালিয়েছে তেহরান।

ইরানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছিলো যুক্তরাষ্ট্র। এই হুমকির মধ্যেই ইসলামি প্রজাতন্ত্রের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে স্মরণকালের অন্যমত ভয়াবহ হামলা চালালো ইসরাইল।

শনিবার দিনগত রাতে তেহরানের আকাশ আলোকিত হয়ে ওঠে আগুনের লেলিহান শিখায়। ইরানজুড়ে অন্তত ৩০টি জ্বালানি স্থাপনায় হামলা চালায় ইসরাইল। এরমধ্যে তেহরানের শাহরান তেল শোধনাগার ছাড়াও আইআরজিসি'র মালিকানাধীন ৩টি তেল সংরক্ষণাগার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস। শনিবার রাতভর কয়েক দফায় তেল আবিব, অধিকৃত পশ্চিম তীরে শত শত ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তেহরান। হামলা হয়েছে ইরাক, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে। বাগদাদে দূতাবাসে হামলার প্রতিক্রিয়ায় গভীর উদ্বেগ জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:

উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার পাশাপাশি হামলা অব্যাহত আছে গুরুত্বপূর্ণ স্থাপনায়। রিয়াদের কূটনৈতিক এলাকা, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন হামলা করেছে ইরান। এছাড়াও কুয়েতের একটি সরকারি ভবনে আঘাত হেনেছে বিধ্বংসী ড্রোন। আমিরাতের দুবাইতে মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ গেছে ১ জনের।

এদিকে ইরানি হামলার নিন্দা জানিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল। এক বিবৃতিতে দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে সংস্থাটি। আর, ইরানের অভ্যন্তরে গৃহযুদ্ধ উসকে দেওয়ার প্রচেষ্টা চলছে এমন মন্তব্য করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। আর ইরাকি জেনারেলের দাবি, ইরান সীমান্ত অতিক্রম করেনি কুর্দিদের কোনো যোদ্ধাই।

এদিকে, ইসরাইলের বন্দর ও সেনাঘাটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে লেবাননের হিজবুল্লাহ। জবাবে তাণ্ডব চালাচ্ছে ইসরাইলি সেনারাও। বৈরুতের একটি হোটেলে হামলা করে হত্যা করা হয়েছে ৪ জনকে। পৃথক অভিযানে, আইআরজিসি'র এক কমান্ডারকে হত্যার দাবি করেছে আইডিএফ।

মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে শত্রুপক্ষ যতক্ষণ আক্রমণ অব্যাহত রাখবে ততক্ষণ পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলী লারিজানির। আর ইরানের সাথে চলমান এই সংঘাত মীমাংসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হুমকি দিয়ে বলেন, ইরানকে এমনভাবে ধ্বংস করা হবে যেন আত্মসমর্পণের প্রস্তাব দেয়ার মতো কোনো নেতা অবশিষ্ট না থাকে।

ইএ