নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও হামলা; তেজস্ক্রিয়তা ছড়ায়নি— দাবি ইরানের

নাতানজ পারমাণবিক কেন্দ্রের স্যাটালাইট ইমেজ
নাতানজ পারমাণবিক কেন্দ্রের স্যাটালাইট ইমেজ | ছবি: সংগৃহীত
1

ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজে আবারও বিমান হামলার ঘটনা ঘটেছে। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, যৌথভাবে এ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র।

তবে, হামলার পর কোনো তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়েনি বলে দাবি করেছে ইরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, নাতানজের ‘শহিদ আহমাদী রোশন’ সমৃদ্ধকরণ কেন্দ্রে এ হামলা চালানো হয়।

ইরান এ হামলাকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘সন্ত্রাসবাদী কার্যক্রম’ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে তারা বলেছে, এ ধরনের হামলা পারমাণবিক অস্ত্রের অপ্রসার রোধ চুক্তি (এনপিটি) এবং আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

এর আগে, মধ্যপ্রাচ্য সংঘাতের প্রথম সপ্তাহেই নাতানজ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। সে সময় স্যাটেলাইট চিত্রে বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া যায়।

আরও পড়ুন:

তেহরান থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই কেন্দ্রটি ২০২৫ সালের জুনে ইরান-ইসরাইল সংঘাতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ছিল। ওই সময়ও ইসরাইল ও পরে যুক্তরাষ্ট্র সেখানে হামলা চালায়।

এদিকে, তিন সপ্তাহ ধরে চলা এই সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরাইল জানিয়েছে, শনিবার ভোরেও ইরান তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

অন্যদিকে, সৌদি আরব দাবি করেছে, তাদের পূর্বাঞ্চলে কয়েক ঘণ্টার ব্যবধানে ইরানের অন্তত ২০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এনএইচ