নিউইয়র্কের লাগুয়ার্ডিয়ায় বিমান-যান দুর্ঘটনায় বিমান চলাচল বন্ধ

লাগুয়ার্ডিয়ায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এয়ার কানাডার বিমান
লাগুয়ার্ডিয়ায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এয়ার কানাডার বিমান | ছবি: সংগৃহীত
2

নিউইয়র্কের লাগুয়ার্ডিয়া বিমানবন্দরে একটি এয়ার কানাডা বিমানের সঙ্গে পোর্ট অথরিটির একটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রটিতে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ (সোমবার, ২৩ মার্চ) ভোরে দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগ এএফপিকে জানায়, একটি এয়ার কানাডা বিমানের সঙ্গে ‘পোর্ট অথরিটির একটি যানবাহনের সজোরে ধাক্কা’ লেগেছে। অন্যদিকে দমকল বিভাগ জানায়, তারা রানওয়ে ৪-এ ‘বিমান ও একটি যানবাহনের দুর্ঘটনার’ খবর পেয়েই সাড়া দিয়েছে।

এফএএ জানায়, বিমানবন্দরটিতে জারি করা ‘গ্রাউন্ড স্টপ’ দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঘটনার বিস্তারিত, এমনকি হতাহতের তথ্যও তাৎক্ষণিকভাবে জানায়নি কর্তৃপক্ষ।

ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪ জানায়, একটি এয়ার কানাডা এক্সপ্রেস বিমান অবতরণের সময় বিমানবন্দরের উদ্ধার ও অগ্নিনির্বাপণ যানবাহনের সঙ্গে ধাক্কা খায়। বিমানটি ছিল সিআরজে-৯০০ মডেলের। এটি এয়ার কানাডার আঞ্চলিক অংশীদার জ্যাজ এভিয়েশন পরিচালিত। প্ল্যাটফর্মটির তথ্য অনুযায়ী, এটি মন্ট্রিয়াল থেকে ছেড়ে এসেছিল।

ফ্লাইটরাডার২৪ আরও জানায়, বিমানটি রানওয়েতে নামার পর গড়াতে গড়াতে এগোচ্ছিল। এ সময় সেটির সামনে দিয়ে যাওয়া একটি যানবাহনের সঙ্গে ধাক্কা লাগে।

আরও পড়ুন:

যাচাই করা হয়নি এমন সামাজিক যোগাযোগমাধ্যমের ছবিতে দেখা যায়, রাতে রানওয়েতে দাঁড়িয়ে থাকা এয়ার কানাডার একটি বিমানের নাক ও ককপিট অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত। পাশে জরুরি সেবা যানবাহনও রয়েছে।

নিউইয়র্কের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, কুইন্স বরোর এই বড় পরিবহন কেন্দ্রের আশপাশে ফ্লাইট বাতিল, সড়ক বন্ধ, যানজট ও জরুরি সেবাকর্মীদের উপস্থিতি প্রত্যাশা করতে বলা হয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, বিকল্প পথ ব্যবহার করতে।

সোমবার (২৩ মার্চ) ভোর পর্যন্ত লাগুয়ার্ডিয়া থেকে ছেড়ে যাওয়ার সব ফ্লাইটই বিলম্বিত বা বাতিল ছিল বলে বিমানবন্দরের ওয়েবসাইটে দেখা গেছে।

এর আগে খারাপ আবহাওয়ার কারণে লাগুয়ার্ডিয়ায় ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছিল বলে রোববার এক্সে জানিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। গত সপ্তাহে তারা আরও জানায়, ফেডারেল অর্থায়ন ঘাটতির কারণে জনবল সংকট তৈরি হওয়ায় যাত্রীদের নিরাপত্তা তল্লাশি পেরোতে বেশি সময় লাগছিল।

এএম