প্রতিদিন যুদ্ধের হুমকি দিয়ে বিশ্বকে ঘুমাতে পাঠানো যাবে না: ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ করতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের কঠোর সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করে তার নিয়মিত আক্রমণাত্মক বক্তব্যের প্রতিও ইঙ্গিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্পেনের বার্সেলোনায় এক আন্তর্জাতিক সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাবার সময় কোনো একজন প্রেসিডেন্টের একটি টুইট (বার্তা) দেখি। আমরা এভাবে প্রতিদিন বিশ্বকে হুমকির মুখে পড়তে বা যুদ্ধ ঘোষণা হতে দেখতে পারি না।’

প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দৃশ্যত ডোনাল্ড ট্রাম্পের প্রতি এই সমালোচনা ছুড়েছেন, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ইরানকে উদ্দেশ্য করে হুমকিমূলক বার্তা পোস্ট করে আসছেন। তিনি মনে করেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ বিশ্বশান্তির জন্য বড় হুমকি।

নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান বিশ্ব পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা শান্তি বজায় রাখতে তাদের দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে। সংঘাত থামানোর বদলে তারা কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না, যা অত্যন্ত উদ্বেগের।’

সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধের প্রেক্ষাপটে ব্রাজিলের প্রেসিডেন্টের এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

এএম