হোয়াইট হাউজে ট্রাম্প ও রাজা চার্লসের সাক্ষাৎ; দ্বিপক্ষীয় মৈত্রী অটুট রাখার প্রত্যয়

লালগালিচায় আনুষ্ঠানিক অভ্যর্থনায় সস্ত্রীর ট্রাম্প ও কিং চার্লস
লালগালিচায় আনুষ্ঠানিক অভ্যর্থনায় সস্ত্রীর ট্রাম্প ও কিং চার্লস | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যকার সাম্প্রতিক টানাপোড়েন ছাপিয়ে আবারও সামনে এল দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বের চিত্র। চার দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে মার্কিন কংগ্রেসে এক বিরল ও ঐতিহাসিক ভাষণ দিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ওয়াশিংটন ও লন্ডনের মধ্যকার সম্পর্ক আগের মতোই ‘অটুট’ রয়েছে বলে ভাষণে পুনর্নিশ্চিত করেন তিনি। ইউএস টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০২৩ সালে রাজ্যাভিষেকের পর এটিই রাজা চার্লসের প্রথম যুক্তরাষ্ট্র সফর। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা স্বাক্ষরের ২৫০ বছর পূর্তি উপলক্ষে এই গুরুত্বপূর্ণ সফরের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দিনের শেষে হোয়াইট হাউজে এক জাঁকজমকপূর্ণ নৈশভোজে অংশ নেন ট্রাম্প ও রাজা চার্লস।

এদিন হোয়াইট হাউজ প্রাঙ্গণে ব্রিটিশ ঐতিহ্য আর আতিথেয়তার এক অন্যরকম আবহ তৈরি হয়। ওয়াশিংটনের মেঘলা আবহাওয়া অনেকটা লন্ডনের পরিবেশের কথা মনে করিয়ে দিচ্ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প রসিকতা করে বলেন, ‘কী চমৎকার ব্রিটিশ আবহাওয়া আজ!’ হোয়াইট হাউজের বারান্দায় মার্কিন পতাকার পাশাপাশি যুক্তরাজ্যের জাতীয় পতাকা ‘ইউনিয়ন জ্যাক’ শোভা পাচ্ছিল। এমনকি ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও কুইন ক্যামিলার উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ব্রিটিশ রীতির ‘কুইনস ড্রপ স্কোনস’ (এক ধরনের বিস্কুট বা কেকজাতীয় খাবার) পরিবেশন করা হয়।

ব্রিটিশ রাজপরিবারের কোনো সদস্য হিসেবে রাজা চার্লস দ্বিতীয়বারের মতো মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন। এর আগে ১৯৯১ সালে তাঁর মা রানি দ্বিতীয় এলিজাবেথ এই সম্মান পেয়েছিলেন। নাটো জোটের সমালোচনা এবং ইরানের সঙ্গে যুদ্ধের মতো বিষয়গুলো নিয়ে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হলেও রাজা চার্লস তাঁর ভাষণে বলেন, ‘আমাদের অংশীদারত্বের জন্ম হয়েছিল বিরোধের মধ্য দিয়ে, তবে সেই সম্পর্ক আজ অত্যন্ত মজবুত। আমাদের গণতান্ত্রিক ও আইনি ঐতিহ্য আমাদের একই সূত্রে গেঁথেছে।’ তার ভাষণের সময় ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় পক্ষের আইনপ্রণেতাদের উচ্ছ্বসিত প্রশংসা কুড়াতে দেখা যায়।

বক্তব্যের একপর্যায়ে ইউক্রেনের ওপর রুশ আগ্রাসনের প্রসঙ্গ টেনে চার্লস বলেন, ‘ইউক্রেন ও সে দেশের সাহসী মানুষের সুরক্ষায় আজ সেই অবিচল সংকল্পের প্রয়োজন। একটি স্থায়ী ও ন্যায়সংগত শান্তি প্রতিষ্ঠার জন্য এটি জরুরি।’ তবে তিনি ইরানের যুদ্ধ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন। যদিও ট্রাম্প নৈশভোজে দাবি করেন যে ইরানের হাতে পরমাণু অস্ত্র না থাকার বিষয়ে রাজা তাঁর সঙ্গে একমত।

কয়েক দিন আগে ওয়াশিংটন হিল্টনে করেসপনডেন্টস ডিনারে বন্দুক হামলার চেষ্টার বিষয়েও কথা বলেন রাজা চার্লস। তিনি এই হামলাকে ‘ভীতি ও বিভেদ’ সৃষ্টির চেষ্টা বলে অভিহিত করে বলেন, ‘এ ধরনের সহিংসতা কখনোই সফল হবে না।’ হামলায় কোনো ক্ষতি না হওয়ায় তিনি ট্রাম্প ও ফার্স্ট লেডির প্রতি সমবেদনা ও শুভকামনা জানান। এ সময় মেলানিয়া ট্রাম্প জানান, তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন।

হোয়াইট হাউজের ইস্ট রুমে আয়োজিত এই নৈশভোজ ছিল আভিজাত্যে ভরপুর। আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন অ্যাপলের সিইও টিম কুক, আমাজনের জেফ বেজোস এবং গলফার ররি ম্যাকিলরয়ের মতো ব্যক্তিত্বরা। ডিনারে প্রধান পদ হিসেবে ফরাসি রীতির মাছের দোভার সোল মিউনিয়ের এবং ডেজার্ট হিসেবে মৌচাক আকৃতির চকলেট গেটো পরিবেশন করা হয়। রাজা চার্লস প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের একটি সাবমেরিনের ঘণ্টা উপহার দেন, যার নাম ছিল ‘এইচএমএস ট্রাম্প’।

এএম