প্রতি বছর ফ্যাশন জগতের সবচেয়ে আলো ঝলমলে রাত নামে নিউ ইয়র্ক সিটির মেট মিউজিয়ামের বিখ্যাত সিঁড়িতে। মেট গালা মানেই ফ্যাশন আর গ্ল্যামারের ঐশ্বর্য। নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের কস্টিউম ইন্সটিটিউটের তহবিল সংগ্রহের জন্য প্রতিবছর এই গালা আয়োজন করা হয়। মে মাসের প্রথম সোমবার ইন্সটিটিউটের বার্ষিক ফ্যাশন প্রদর্শনীর উদ্বোধন করা হয়। যেখানে জমকালো থিমভিত্তিক পোশাকে হাজির হতে দেখা যায় বিশ্ববিখ্যাত সব তারকা ও ডিজাইনারদের।
২০২৬ সালের মেট গালায় এবারের থিম ‘কস্টিউম আর্ট’। যেখানে আয়োজকরা অংশগ্রহণকারীদের জমকালো ও খেয়ালি পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে আহ্বান জানান।
এ বছর মেট গালার অতিথিদের তালিকাটি বেশ তারকাখচিত। এই আসরের লাল গালিচায় আলো ছড়াতে দেখা যায় গায়িকা বিয়ন্সে, অভিনেত্রী নিকোল কিডম্যান, টেনিস তারকা ভেনাস উইলিয়ামস এবং ‘ভোগ’র গ্লোবাল এডিটোরিয়াল ডিরেক্টর আনা উইন্টুরকে। দেখা যায়, ম্যাডোনা, কেটি পেরি, সাব্রিনা কার্পেন্টার, নাওমি ওসাকা এবং অ্যাঞ্জেলা ব্যাসেটসহ আরও অনেক তারকাদের।
এদিকে, এবারের মেট গালায় উপস্থিত হতে দেখা যায় ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা, চলচ্চিত্র নির্মাতা করণ জোহর, নাতাশা পুনাওয়ালা, অনন্যা বিরলাসহ বেশ কয়েকজন ভারতীয় তারকা। হায়দ্রাবাদের বিলিয়নিয়ার সুধা রেড্ডি মনীশ মালহোত্রার ডিজাইন করা একটি পোশাক পড়ে সবাইকে মুগ্ধ করেন। তার ১৪২ কোটি টাকার নেকলেসের ৪০ ক্যারেটের অ্যাশার-কাট কলম্বিয়ান পান্না, ৩০ ক্যারেটের পোলকি হীরার আংটি সবার নজর কাড়ে।
এছাড়া গৌরব গুপ্তের ডিজাইন করা শাড়ি পড়ে চোখ ধাঁধানো রূপে উপস্থিত হন ইশা আম্বানি। ইশার পরিহিত নীতা আম্বানির ব্যক্তিগত সংগ্রহ থেকে পাওয়া পাথর-খচিত ব্লাউজে এক হাজার ৮০০ ক্যারেটের বেশি হীরা ছাড়াও পান্না, পোলকি এবং কুন্দন ছিল।
এছাড়া ব্রডওয়ে তারকা জোশুয়া হেনরি্ ব্যান্ড ও নৃত্যশিল্পীদের সঙ্গে ‘আই ওয়ানা ডান্স উইথ সামবডি’ গানটি গেয়ে নাটকীয়ভাবে রেড কার্পেটে প্রবেশ করে অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করেন। মেট গালার সিঁড়িগুলোকে এবার একটি সবুজ বাগানের শ্যাওলা-ধরা ইটের মতো করে সাজানো হয়।





