পর্যটন খাতে জরুরি সহায়তার প্রয়োজন নেই: ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় ইউনিয়নের পতাকা
ইউরোপীয় ইউনিয়নের পতাকা | ছবি: সংগৃহীত
0

ইরান পরিস্থিতির কারণে পর্যটন খাতে এখনো কোনো বিশেষ সুরক্ষা বা উদ্ধার তহবিলের প্রয়োজনীয়তা দেখছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এয়ারলাইনস কোম্পানিগুলোকে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, খাতের সংকট এখনো জরুরি পদক্ষেপ নেয়ার মতো গুরুতর পর্যায়ে পৌঁছায়নি। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ইইউর একটি খসড়া নির্দেশনায় এসব তথ্য জানা গেছে।

আগামী শুক্রবার ইউরোপীয় কমিশনের ওই নির্দেশনাটি প্রকাশের কথা রয়েছে। সেখানে বলা হয়, কোভিড-১৯ মহামারির সময়ের মতো বর্তমান পরিস্থিতিতে পর্যটন খাতের জন্য বিশেষ কোনো ব্যবস্থার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছে। যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে মূল্যস্ফীতি দেখা দিতে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যেও উদ্বেগ বাড়ছে।

এদিকে ইউরোপের এয়ারলাইনসগুলোও সামনের বসন্ত ও গ্রীষ্মের দিনগুলোতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে উড়োজাহাজের জ্বালানির দাম প্রতি ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়ে গেছে। জ্বালানি সংকটের কারণে শেষ পর্যন্ত ফ্লাইট বাতিল হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এএম