ক্যানসার জয় করে প্রথম বিদেশ সফরে ইতালি গেলেন প্রিন্সেস কেট

ব্রিটেনের ওয়েলসের প্রিন্সেস ক্যাথরিন রেজিও
ব্রিটেনের ওয়েলসের প্রিন্সেস ক্যাথরিন রেজিও | ছবি: রয়টার্স
0

ক্যানসারের চিকিৎসা শেষে সুস্থ হয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বিদেশ সফরে ইতালিতে পৌঁছেছেন ব্রিটিশ প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। আজ (বুধবার, ১৩ মে) উত্তর ইতালির রেজিও এমিলিয়া শহরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মূলত শৈশবকালীন শিক্ষা ও বিকাশ নিয়ে তার দীর্ঘমেয়াদি কাজের অংশ হিসেবে এই দুই দিনের সফরটি অনুষ্ঠিত হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন এ তথ্য জানা যায়।

কেটকে একনজর দেখতে শহরের প্রধান চত্বর ও এর আশপাশের রাস্তায় শত শত মানুষ ভিড় জমান। তাদের অনেকের হাতে ব্রিটিশ পতাকা এবং ‘চাও কেট’ (হ্যালো কেট) লেখা ব্যানার ছিল। নীল রঙের ট্রাউজার স্যুট পরা কেটকে দেখে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ করা যায়। কেটের এক সহযোগী বলেন, ‘প্রিন্সেসের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। অসুস্থতা কাটিয়ে ফেরার পর এটিই তার প্রথম কোনো আন্তর্জাতিক সফর।’

কেট রেজিও এমিলিয়ার বিখ্যাত ‘শৈশব শিক্ষা পদ্ধতি’ পর্যবেক্ষণ করবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিত্যক্ত সামরিক সরঞ্জাম বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে এই অঞ্চলে ইতালির প্রথম নার্সারি স্কুলগুলো গড়ে তোলা হয়েছিল। এই পদ্ধতিতে শিশুদের বিকাশের জন্য পরিবেশ ও সামাজিক সম্পর্ককে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়। কেট এখানকার দুটি পাবলিক প্রি-স্কুল পরিদর্শন করবেন এবং শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফরকালে ৯৫ বছর বয়সী প্রবীণ কাউন্সিলর ইয়ন বার্টোলিসহ রেজিও এমিলিয়া পদ্ধতির পথিকৃৎদের সঙ্গেও কেটের সাক্ষাতের কথা রয়েছে। বার্টোলি বলেন, ‘প্রিন্সেসের এই সফর আমাদের জন্য সম্মানের এবং এটি আমাদের দীর্ঘদিনের অর্জনকে স্বীকৃতি দেয়।’ এই সফরে কেটকে রেজিও এমিলিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান ‘প্রিমো ত্রিকলোর’ পদক প্রদান করা হবে।

এএম