হরমুজ প্রণালির নিয়ন্ত্রণই আমেরিকার বিরুদ্ধে ইরানের বড় ‘হাতিয়ার’: বিশ্লেষক

হরমুজ প্রণালি
হরমুজ প্রণালি | ছবি: সংগৃহীত
0

ওয়াশিংটনের সঙ্গে ভবিষ্যতে কোনো চুক্তি হলে তা টিকিয়ে রাখার ক্ষেত্রে ‘নিশ্চয়তা’ হিসেবে কাজ করতে পারে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ। তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফয়াদ ইজাদি এ মন্তব্য করেছেন।

আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ফয়াদ ইজাদি বলেন, ‘ইরানের কাছে বর্তমানে একমাত্র যে শক্তিশালী অস্ত্রটি রয়েছে এবং যা নিয়ে ট্রাম্পের খুব বেশি কিছু করার নেই, তা হলো হরমুজ প্রণালির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ।’

তিনি উল্লেখ করেন, আমেরিকা যদি আগের বারের মতো এবারও ইরানের সঙ্গে করা কোনো নতুন চুক্তি লঙ্ঘন করে, তবে তেহরান এ অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথটিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।

ইজাদি বলেন, ‘মার্কিন সরকার যাতে চুক্তির শর্ত মেনে সঠিকভাবে আচরণ করতে বাধ্য হয়, তার জন্য ইরানের হাতে এটাই হবে সবচেয়ে বড় হাতিয়ার।’

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে ওবামা প্রশাসনের আমলে স্বাক্ষরিত ঐতিহাসিক ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি থেকে এককভাবে সরে দাঁড়িয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশ্বের ছয় পরাশক্তি—আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে স্বাক্ষরিত ওই চুক্তি অনুযায়ী, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কমিয়ে আনতে এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করতে সম্মত হয়েছিল। এর বিনিময়ে ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল, যার ফলে দেশটি বিশ্ববাজারে তেল ও গ্যাস বিক্রির সুযোগ পেয়েছিল।

এএইচ