ইসরাইলি অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরান

তেহরান ব্যস্ত সড়কে ইমাম খামেনি ব্যানার
তেহরান ব্যস্ত সড়কে ইমাম খামেনি ব্যানার | ছবি: সংগৃহীত
0

লেবানন ও গাজায় ইসরাইলি সামরিক অভিযান বন্ধের দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি আলোচনায় বসবে না ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, লেবাননে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ বার্তা আদান-প্রদান থেকে সরে দাঁড়াচ্ছে ইরানের আলোচক দল। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কূটনৈতিক প্রক্রিয়া স্থগিত থাকবে।

আরও পড়ুন:

তাসনিম আরও জানিয়েছে, ইরান এবং তাদের তথাকথিত ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা মিত্র গোষ্ঠীগুলো এখন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেয়ার পরিকল্পনা করছে। শুধু তাই নয়, ইয়েমেন উপকূলে অবস্থিত লোহিত সাগরের প্রবেশপথ বাব এল মান্দেব প্রণালিসহ অন্যান্য ফ্রন্টগুলোকেও ‘সক্রিয়’ করার কথা ভাবছে তেহরান।

ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হুথিরা ইরানের অন্যতম প্রধান মিত্র। তারা এর আগেও লোহিত সাগরে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। ইরানের বিবৃতিতে ‘প্রতিরোধ যোদ্ধা’ বলতে মূলত হুথিদের মতো আঞ্চলিক মিত্রদেরই বোঝানো হয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, বাব এল মান্দেব প্রণালি অবরুদ্ধ করা হলে বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহ ব্যবস্থায় চরম বিপর্যয় নেমে আসতে পারে।

এএম