পরমাণু অস্ত্র বাড়াতে নতুন কারখানা চালু করলো উত্তর কোরিয়া; পরিদর্শনে কিম জং উন

পরিদর্শনে করছেন কিম জং উন
পরিদর্শনে করছেন কিম জং উন | ছবি: সংগৃহীত
0

নিজ দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডার আরও সমৃদ্ধ করতে একটি নতুন পরমাণু উপকরণ উৎপাদন কেন্দ্র উন্মোচন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ গতকাল (বুধবার, ৩ জুন) এই খবর জানিয়েছে। তবে এই কারখানাটি কোথায় অবস্থিত, তা জানানো হয়নি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শন করছেন। বিশ্লেষকদের ধারণা, এটি উত্তর কোরিয়ার ইয়ংবিয়ন পারমাণবিক কমপ্লেক্সের ভেতরে থাকা কোনো নতুন কারখানা হতে পারে। কিম জানিয়েছেন, গত পাঁচ বছরে উত্তর কোরিয়ার ‘অস্ত্র তৈরির উপযোগী পারমাণবিক উপকরণ উৎপাদনের সক্ষমতা দ্বিগুণেরও বেশি’ বেড়েছে। একই সঙ্গে তিনি পারমাণবিক শক্তির ‘গুণগত ও পরিমাণগত’ উন্নয়নের গতি আরও বাড়াতে বেশ কিছু ‘অ্যাকশন গাইডলাইন’ বা কর্মপরিকল্পনা দিয়েছেন।

উত্তর কোরিয়ার এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেহরানের সঙ্গে শান্তি আলোচনা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে। গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিক্ষিপ্তভাবে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে, যা এপ্রিলের যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় উত্তেজনার সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক মাসগুলোতে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে তাদের সামরিক শক্তির একটি অংশ ওই অঞ্চলে সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

কিমের এই সফরের সময় আরও একটি জল্পনা তৈরি হয়েছে যে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং শিগগিরই পিয়ংইয়ং সফরে আসতে পারেন। এর আগে ২০১৯ সালে শি যখন উত্তর কোরিয়া সফর করেছিলেন, তখন তিনি কিমকে বলেছিলেন যে পুরো বিশ্ব চায় উত্তর কোরিয়া যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা এগিয়ে নেয়। উল্লেখ্য, ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে কিমের সঙ্গে তিনবার বৈঠক করলেও কিমকে তাঁর পরমাণু কর্মসূচি থেকে সরিয়ে আনা সম্ভব হয়নি।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি চলতি বছরের শুরুতেই সতর্ক করেছিলেন যে, উত্তর কোরিয়া তাদের প্রধান স্থাপনাগুলোতে কার্যক্রম জোরদার করেছে এবং পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। সিউলের ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়ান স্টাডিজের অধ্যাপক ইয়াং মু-জিন বলেন, ‘ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে যখন সীমিত করার চেষ্টা চলছে, তখন উত্তর কোরিয়া সম্ভবত এটিই বিশ্বকে মনে করিয়ে দিতে চাইছে যে তারা ইতিমধ্যে একটি কার্যকর পরমাণু শক্তিধর রাষ্ট্র।’

এএম