মার্কিন যুদ্ধজাহাজে ইরানি বাহিনীর গুলির দাবি নাকচ করলো সেন্টকম

সেন্টকমের লোগো
সেন্টকমের লোগো | ছবি: সংগৃহীত
0

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানি সামরিক বাহিনীর সতর্কতামূলক গুলি চালানোর দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের এমন দাবি সত্য নয়। আল-জাজিরা বরাতে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবৃতিতে সেন্টকম আরও বলা হয়, ‘এ ধরনের কাজ করা হবে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন। মার্কিন বাহিনী আঞ্চলিক জলসীমায় স্বাধীনভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ইরানের বিরুদ্ধে চলমান অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর করছে।’

এর আগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও ইরানের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, যুক্তরাষ্ট্র বাণিজ্যিক তেলের ট্যাঙ্কার জব্দ করার প্রতিক্রিয়ায় ওমান উপসাগরে মার্কিন জাহাজের দিকে সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানি বাহিনী।

এদিকে মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তারা ভারত মহাসাগরে ‘এমটি দাভিনা’ নামের একটি নামহীন ও নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজে তল্লাশি অভিযান চালিয়েছে। তারা বলছে, ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত পক্ষ এবং তাদের নৌযান চলাচলের পথ রুদ্ধ করতে যুদ্ধ দপ্তর কাজ চালিয়ে যাবে।’

দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থানে ওমান উপসাগর ও সংলগ্ন এলাকায় নতুন করে উত্তেজনা বিরাজ করছে।

এএম