ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন

পেন্টাগন
পেন্টাগন | ছবি: সংগৃহীত
0

ইরান যুদ্ধের খরচ ও অন্যান্য বিল মেটাতে ৮০ বিলিয়ন ডলারের অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন বলে মার্কিন কংগ্রেসকে জানিয়েছে পেন্টাগন। গতকাল (বৃহস্পতিবার, ১৮ জুন) ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চলতি সপ্তাহে আইনপ্রণেতাদের সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্রের উপ-প্রতিরক্ষা সচিব স্টিফেন ফাইনবার্গ এই অর্থের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, কংগ্রেস যদি নতুন কোনো যুদ্ধকালীন ব্যয় বিল পাস না করে, তবে চলতি গ্রীষ্মেই মার্কিন সামরিক বাহিনীর অভিযান পরিচালনার অর্থ ফুরিয়ে যেতে পারে।

পেন্টাগনের জন্য অতিরিক্ত যেকোনো তহবিলের অনুরোধ কংগ্রেসে পাঠানোর আগে হোয়াইট হাউসের ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয়ের (ওএমবি) অনুমোদন নিতে হবে। বর্তমানে ২০২৬ অর্থবছরের জন্য প্রতিরক্ষা বিভাগের বাজেট প্রায় ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলার।

প্রতিবেদন অনুযায়ী, আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এই পরিকল্পনা নিয়ে পেন্টাগন যথেষ্ট আত্মবিশ্বাসী। সে কারণেই ফাইনবার্গ সম্প্রতি আইনপ্রণেতাদের এ বিষয়ে অবহিত করেছেন। এক সূত্র জানিয়েছে, এই অর্থের একটি অংশ ব্যয় হবে নৌবাহিনীর জাহাজ পরিচালনা, কর্মীদের বেতন ও গোলাবারুদ কেনার পেছনে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পেন্টাগনের পাশাপাশি প্রতিরক্ষা ছাড়া অন্যান্য অগ্রাধিকারের জন্যও অর্থ অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্রের একটি পূর্ণাঙ্গ অতিরিক্ত বরাদ্দের অনুরোধ আগামী কয়েক দিনের মধ্যেই আইনপ্রণেতাদের কাছে পাঠানো হতে পারে। আইনপ্রণেতাদের সঙ্গে ফাইনবার্গের যোগাযোগের সঙ্গে সঙ্গেই চলতি সপ্তাহে ক্যাপিটল হিলে জ্যেষ্ঠ রিপাবলিকান সিনেটরদের সঙ্গে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই অতিরিক্ত প্রতিরক্ষা বরাদ্দের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে আইনপ্রণেতারা জানিয়েছেন।

এএম