আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার পুলিশ কর্মকর্তা ইয়াসির আফ্রিদি জানান, ‘যাত্রীবাহী একটি বেসরকারি পিকআপ ট্রাককে লক্ষ্য করে রিমোট-কন্ট্রোলড আইইডি (হাতে তৈরি বোমা) হামলা চালানো হয়।’
তিনি আরও বলেন, ‘আহতদের জরুরি চিকিৎসার জন্য একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দ্বিতীয় আইইডির বিস্ফোরণ ঘটে।’ এই ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলেও জানান তিনি।
এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে ওই এলাকায় পাকিস্তান তালেবান (টিটিপি) ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর শক্ত অবস্থান রয়েছে।
সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক হামলা বৃদ্ধির জন্য আফগানিস্তানকে দুষছে পাকিস্তান। তাদের দাবি, সশস্ত্র গোষ্ঠীগুলো আফগান ভূখণ্ডকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে। তবে কাবুলের তালেবান সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যকার শীতল সম্পর্ক বড় ধরনের সংঘাতে রূপ নিয়েছে। এমনকি আফগান শহরগুলোতে বিমান হামলাও চালিয়েছে পাকিস্তান। চলতি মাসে সীমান্তের কাছে পাকিস্তানি বিমান হামলায় অন্তত ২৬ জন তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তান সরকার। অন্যদিকে আফগান সরকারের দাবি, এই হামলায় ১২ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
অক্টোবরে সহিংসতা বৃদ্ধির পর থেকে বেশিরভাগ সময় সীমান্ত বন্ধ রয়েছে। এর ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়ার পাশাপাশি মানুষ ও পণ্য চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।





