‘ইরান যুদ্ধে জয়ী হয়েছে’ বলে মনে করেন ৯২ শতাংশ ইসরাইলি

ইসরাইলের পতাকা
ইসরাইলের পতাকা | ছবি: সংগৃহীত
0

গত ফেব্রুয়ারির শেষে ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ যুদ্ধ শুরুর পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর লক্ষ্য ছিল স্পষ্ট—ইরানের পরমাণু ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা এবং দেশটির সরকারের পতন ঘটানো। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তবে বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি সই এবং সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার প্রেক্ষাপটে নতুন এক জরিপে দেখা গেছে, ৯২ শতাংশ ইসরাইলিই বিশ্বাস করেন যে ইরান এই যুদ্ধে জয়ী হয়েছে।

হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেম পরিচালিত এই জরিপে দেখা গেছে, ইসরাইলিরা এই যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তিকে অত্যন্ত নেতিবাচকভাবে দেখছেন। জরিপে অংশ নেয়া ৮৩ শতাংশ মানুষ মনে করেন, এই সামরিক অভিযান দীর্ঘ মেয়াদে ইসরাইলের নিরাপত্তাকে দুর্বল করে দিয়েছে। এছাড়া ৮৬ শতাংশ উত্তরদাতা যুদ্ধের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

জনগণের এই ধারণা ইসরাইলের রাজনৈতিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের মনোভাবেরই প্রতিফলন ঘটাচ্ছে। তাদের অনেকের মতে, ইরানের সঙ্গে যুদ্ধের এই সমাপ্তি এমন একটি মোড় হিসেবে কাজ করছে যা মধ্যপ্রাচ্যে ইসরাইলের আঞ্চলিক প্রভাব কমিয়ে দিতে পারে।

জরিপে আরও দেখা গেছে, ৭২.৫ শতাংশ ইসরাইলি নাগরিক নেতানিয়াহুর দাবিকে বিশ্বাস করেন না। নেতানিয়াহু দাবি করেছিলেন যে ইসরাইল এই যুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং একটি অস্তিত্বগত হুমকি নির্মূল করেছে। এই অবিশ্বাসের বিষয়টি প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর ভবিষ্যৎ নিয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তাকেই তুলে ধরছে।

এএম