নিউ ইয়র্কে মামদানি সমর্থিত প্রার্থীদের জয়ে শহরটির রাজনীতিতে আরও বামঘেঁষা ধারা শক্তিশালী হওয়ার ইঙ্গিত মিলেছে। সাবেক কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার ডেমোক্র্যাট প্রতিনিধি ড্যান গোল্ডম্যানকে হারিয়েছেন। দারিয়ালিজা আভিলা শেভালিয়ের জিতেছেন অ্যাড্রিয়ানো এস্পাইয়াতের বিপক্ষে। আর অবসর নেয়া প্রতিনিধি নিদিয়া ভেলাসকেজের আসনে মামদানির সমর্থিত ক্লেয়ার ভালদেজ হারিয়েছেন আন্তোনিও রেইনোসোকে।
এই তিন ফলাফলকে নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাট রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বিজয়ী প্রার্থীদের একজনের অনুষ্ঠানে মামদানি বলেন, ‘যে পুরোনো রাজনীতি আমাদের এই সংকটে ফেলেছে, সেই রাজনীতি আমাদের এই সংকট থেকে বেরও করতে পারবে না।’ পর্যবেক্ষকদের মতে, এর মধ্য দিয়ে ডেমোক্র্যাটিক পার্টিকে আরও গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ধারায় নেয়ার চেষ্টা করছেন তিনি।
নিউ ইয়র্কের আরও কয়েকটি লড়াইটিও ছিল গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীর সাবেক সদস্য কেইট কনলি ১৭তম কংগ্রেশনাল জেলায় জিতেছেন এবং এখন রিপাবলিকান মাইক ললারের মুখোমুখি হবেন। অঙ্গরাজ্যের উত্তর প্রান্তের জেলায় রিপাবলিকান প্রাইমারিতে জিতেছেন ব্যবসায়ী অ্যান্থনি কনস্টান্টিনো।
সাউথ ক্যারোলাইনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে লেফটেন্যান্ট গভর্নর প্যামেলা এভেটকে সমর্থন দিয়েছিলেন। তবে রানঅফের আগে জরিপে তার প্রতিদ্বন্দ্বী অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল অ্যালান উইলসন এগিয়ে যাওয়ায় ট্রাম্প পরে দুই প্রার্থীকেই সমর্থন দেন। শেষ পর্যন্ত জিতেছেন উইলসন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘অ্যালান উইলসন জিতেছেন! প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন পেয়েই!’
মেরিল্যান্ডে ডেমোক্র্যাটরা অবসর নেয়া কংগ্রেসম্যান স্টেনি হোইয়ারের উত্তরসূরি হিসেবে নভেম্বরে লড়ার জন্য বেছে নিয়েছেন অঙ্গরাজ্যের প্রতিনিধি অ্যাড্রিয়ান বোয়াফোকে। একই অঙ্গরাজ্যের ষষ্ঠ জেলায় সাবেক কংগ্রেসম্যান ডেভিড ট্রোন নিজের পুরোনো আসন ফিরে পেতে পারেননি; তিনি হেরেছেন বর্তমান প্রতিনিধি এপ্রিল ম্যাকক্লেইন ডিলেইনির কাছে। উটাহতে নতুন করে নির্ধারিত একটি কংগ্রেশনাল জেলায় ডেমোক্র্যাট প্রাইমারিতে জিতেছেন সাবেক কংগ্রেসম্যান বেন ম্যাকঅ্যাডামস। নভেম্বরে সেখানে তার প্রতিদ্বন্দ্বী হবেন রিপাবলিকান রাইলি ওয়েন।
এখন সামনে আরও ব্যস্ত প্রাইমারি ক্যালেন্ডার। ২৭ জুন লুইজিয়ানায় সিনেট রানঅফ, ২১ জুলাই অ্যারিজোনায় গভর্নর পদে লড়াই, ৪ আগস্ট কানসাস, মিশিগান, মিজুরি ও ভার্জিনিয়ায় একাধিক গুরুত্বপূর্ণ ভোট, ১১ আগস্ট কানেকটিকাট, মিনেসোটা, ভারমন্ট ও উইসকনসিনে প্রাইমারি, ১৮ আগস্ট আলাস্কা ও ফ্লোরিডায় ভোট, ১ সেপ্টেম্বর ম্যাসাচুসেটসে সিনেট প্রাইমারি, ৮ সেপ্টেম্বর নিউ হ্যাম্পশায়ার এবং ৯ সেপ্টেম্বর রোড আইল্যান্ডে গুরুত্বপূর্ণ লড়াই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।





