শীতপ্রধান দেশ ব্রিটেনেও এবার তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। তাপমাত্রার পারদ ছুঁই ছুঁই করছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। জুন মাসে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি তাপমাত্রা গত ৫০ বছরের রেকর্ড ভেঙেছে। দেশজুড়ে জারি করা হয়েছে লাল সতর্কতা। প্রচণ্ড গরমের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানেও জারি করা হয়েছে সতর্কতা। ইংল্যান্ড ও ওয়েলসে বন্ধ করে দেয়া হয়েছে হাজারের বেশি স্কুল। ব্যাহত হচ্ছে রেল যোগাযোগ। রেল-যাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।
তাপপ্রবাহে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে নির্মাণ শ্রমিক, ডেলিভারি কর্মীসহ বাইরে কাজ করা প্রবাসী ও শ্রমজীবী মানুষ পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে।
আরও পড়ুন:
ভ্যাপসা আবহাওয়ায় রাস্তাঘাটে মানুষের চলাচল কমেছে, কোথাও যানবাহনও সীমিত দেখা গেছে। ঘরের ভেতরের অস্বস্তি এড়াতে অনেকে পার্ক, লেক ও খোলা জায়গায় ছুটছেন—ছন্দ হারাচ্ছে দৈনন্দিন জীবন।
প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বাতিল করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। মেট অফিস বলছে আগামী কয়েকদিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। ১৮৮৪ সাল থেকে আবহাওয়া রেকর্ড শুরুর পর, যুক্তরাজ্যে ২০২২ সাল ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর। রেকর্ড করা হয়েছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সংশ্লিষ্টরা, এটিকে জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব বলছেন।
রয়টার্স ক্লাইমেট মনিটরের মতে, ওমেগা ব্লক নামে পরিচিত একটি আবহাওয়ার ধরনের কারণে ইউরোপজুড়ে এই দাবদাহ চলছে। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।





