শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনা নয়: গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ | ছবি: সংগৃহীত
0

সমঝোতা স্মারকের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে পরবর্তী আলোচনায় বসবে না বলে সাফ জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। গতকাল (মঙ্গলবার, ৩০ জুন) এক টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।

গালিবাফ আরও বলেন, সমঝোতা স্মারকের ১, ৪, ৫, ১০ ও ১১ নম্বর ধারা বাস্তবায়নের আগে দেশটি চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা শুরু করবে না। এমনকি যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক বা এমওইউ মেনে না চললে তেহরান যুদ্ধের জন্য প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, আগামী কয়েক দিন ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা তেহরানের নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তবে দোহায় পাঠানো একটি প্রতিনিধিদল ইরানের জব্দকৃত তহবিল এবং লেবাননে যুদ্ধবিরতি নিয়ে কাতারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে বলে জানান তিনি।

এরই মধ্যে মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা বিষয়ে কাতার মধ্যস্থতাকারীদের সঙ্গে দেখা করতে দোহায় অবস্থান করছেন। তবে তারা সরাসরি ইরানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন না বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

জেআর