৩২২ জন এমপির সমর্থনে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে অ্যান্ডি বার্নহাম

অ্যান্ডি বার্নহাম
অ্যান্ডি বার্নহাম | ছবি: বিবিসি
0

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন অ্যান্ডি বার্নহাম। স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত করতে তাকেই মনোনয়ন দিয়েছেন লেবার পার্টির অধিকাংশ এমপি। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গিয়েছে।

লেবার পার্টির নেতৃত্বের এই দৌড়ে এখন পর্যন্ত একমাত্র ঘোষিত প্রার্থী বার্নহামের পক্ষে ৪০২ জন লেবার এমপির মধ্যে ৩২২ জনই সমর্থন জানিয়েছেন। কোনো প্রতিদ্বন্দ্বী তার বিরুদ্ধে লড়ার সম্ভাবনা গাণিতিকভাবে শূন্য করতে দরকার ৩২৩ জনের সমর্থন। অর্থাৎ এই সংখ্যা থেকে তিনি মাত্র একজনের সমর্থন পিছিয়ে। কিছু এমপি জানিয়েছেন, তারা বৃহস্পতিবার ভোট দিতে পারেননি। তবে পার্লামেন্টে ফিরে তারা বার্নহামকে সমর্থন করবেন।

প্রত্যাশা অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতায় অন্য কেউ না এলে আগামী সপ্তাহে বার্নহামকে লেবার পার্টির নেতা ঘোষণা করা হবে। এরপর ২০ জুলাই তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। গ্রেটার ম্যানচেস্টারের সাবেক এই মেয়র কয়েক সপ্তাহ আগেই মেকারফিল্ডে উপনির্বাচনে জয়ী হয়ে সংসদে আসেন। তার এই উত্থান হবে অসাধারণ এক ঘটনা।

এক বিবৃতিতে বার্নহাম বলেন, যেসব লেবার এমপি তাকে দলের নেতা হিসেবে মনোনয়ন দিয়েছেন, তাদের প্রতি তিনি ‘গভীরভাবে কৃতজ্ঞ’। তিনি জানান, দলের সব অংশ থেকেই এই সমর্থন এসেছে এবং এটি ‘ব্রিটেনে রাজনীতির নতুন পন্থা প্রয়োজন’ এমন সম্মিলিত বিশ্বাসের প্রতিফলন। বার্নহাম বলেন, ‘আমি সেই সার্কিট ব্রেকারই দিচ্ছি। ওয়েস্টমিনস্টার থেকে ক্ষমতার হস্তান্তর, সাধারণ মানুষের জন্য অর্থনীতির নতুন করে সাজানো এবং প্রতিটি পোস্টকোডে ভালো প্রবৃদ্ধি।’

পরে বৃহস্পতিবার রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজের নিজ নির্বাচনি এলাকা ক্ল্যাকটনে উপনির্বাচন ডাকার সিদ্ধান্ত নিয়ে রসিকতা করেন বার্নহাম। সেখানে ফারাজ আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই ভোট লেবার পার্টি ও অন্যান্য প্রধান দলগুলো বয়কট করেছে। তবে ধারাবাহিক কমেডিয়ান প্রার্থী কাউন্ট বিনফেস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে সিলভার ক্লিফ মিউজিক অ্যাওয়ার্ডে বক্তব্য দিতে গিয়ে ম্যানচেস্টার ইন্ডি ব্যান্ড ‘জেমস’-এর হাতে লিজেন্ড অ্যাওয়ার্ড তুলে দেয়ার সময় বার্নহাম বলেন, ‘আজ আমরা যেসব কিংবদন্তিকে সম্মান জানাতে এসেছি, তারা তাদের ক্যারিয়ারে রাজনীতি থেকে দূরে থাকেননি। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আজ রাতে আমি রাজনীতির কথা বলব না। শুধু এটুকু বলব, কাউন্ট বিনফেস, আপনি জাতির আশা বহন করছেন। আমাদের হতাশ করবেন না।’

বার্নহামের নিজের উপনির্বাচনে জয় এবং মে মাসের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বড় ধরনের পরাজয়ের পর দলের নিজস্ব এমপিরাই স্যার কিয়ারকে সরে দাঁড়িয়ে বার্নহামকে দায়িত্ব ছেড়ে দেয়ার আহ্বান জানাতে শুরু করেন। বার্নহামের এমপি হিসেবে শপথ নেয়ার দিনই লেবার পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ান স্যার কিয়ার। পদত্যাগের ভাষণে তিনি বলেছিলেন, ‘পরবর্তী সাধারণ নির্বাচনে আমাদের নেতৃত্ব দেয়ার জন্য আমি কি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি’—এই প্রশ্নের উত্তর তিনি পেয়ে গেছেন।

নেতৃত্বের এই দৌড়ে অংশ নিতে প্রার্থীদের আগামী বুধবারের মধ্যে ৮১ জন লেবার এমপির প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে হবে। ৩২৩ জনের মনোনয়ন—অর্থাৎ এমন এক পর্যায়ে যেখানে অন্য কেউ ৮১ জনের সমর্থন পাওয়ার মতো অবস্থানে থাকবেন না—পাওয়ার পাশাপাশি বার্নহামকে আগামী সপ্তাহে দলের সঙ্গে সংশ্লিষ্ট ৩১টি সমাজতান্ত্রিক সংগঠন ও ট্রেড ইউনিয়নের মধ্যে অন্তত তিনটির সমর্থনও পেতে হবে। তবে এটি তার জন্য শুধুই আনুষ্ঠানিকতা বলে মনে করা হচ্ছে।

এরপর গ্রীষ্মজুড়ে দলের সদস্য ও সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়নের সমর্থকদের মধ্যে ভোটের প্রয়োজন ছাড়াই বার্নহাম লেবার পার্টির নেতা হবেন এবং ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই কয়েক ডজন এমপি সাবেক এই মেয়রকে মনোনয়ন দেয়ার কথা নিশ্চিত করেছেন। এদের মধ্যে বার্নহাম নিজেও রয়েছেন। রসিকতা করে তিনি বলেন, ‘আশা করছি এবার তৃতীয়বার আমার ভাগ্য সুপ্রসন্ন হবে।’ এর মাধ্যমে তিনি ২০১০ ও ২০১৫ সালে তার আগের দুবারের ব্যর্থ নেতৃত্বের দৌড়ে অংশ নেয়ার কথা মনে করিয়ে দেন।

এএম