মার্কিন ঝুঁকি এড়াতে চীনা চিপ প্রযুক্তির পরীক্ষায় স্যামসাং ও এসকে হাইনিক্স

স্যামসাংয়ের এইচবিএম৪ মেমোরি চিপ
স্যামসাংয়ের এইচবিএম৪ মেমোরি চিপ | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ আরও কঠোর হওয়ার আশঙ্কায় ঝুঁকি এড়াতে বিকল্প পথ খুঁজছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্স। চীনের কারখানাগুলোতে ব্যবহারের জন্য দেশটির ‘অ্যাডভান্সড মাইক্রো-ফ্যাব্রিকেশন ইকুইপমেন্ট’-এর (এএমইসি) চিপ তৈরির যন্ত্রপাতি পরীক্ষা করছে কোম্পানি দুটি। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র রয়টার্সকে এ কথা জানিয়েছে।

সূত্রগুলোর মধ্যে দুজন জানিয়েছেন, মেমরি চিপ প্রস্তুতকারক এই কোম্পানিগুলো প্রায় দুই বছর আগে এএমইসি-র এচিং সরঞ্জাম পরীক্ষা শুরু করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র চীনে তাদের চিপ তৈরির সরঞ্জাম রপ্তানি করতে দেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে এই উদ্যোগ নেয়া হয়। যদিও পরীক্ষার ভিত্তিতে সরঞ্জামগুলো বড় পরিসরে ব্যবহারের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি, তবে এটি সাংহাইভিত্তিক এএমইসি-র জন্য বিশ্বের শীর্ষ চিপ নির্মাতাদের স্বীকৃতি পাওয়ার এক বিরল সুযোগ তৈরি করেছে।

এই ঘটনা মার্কিন প্রযুক্তি নিয়ন্ত্রণ নীতির একটি বৈপরীত্যকে সামনে এনেছে। বেইজিংয়ের সেমিকন্ডাক্টর খাতের অগ্রগতি ঠেকাতে গৃহীত পদক্ষেপগুলোই চীনের ভেতরে অবস্থিত বিদেশি মালিকানাধীন কারখানাগুলোতে চীনা প্রতিদ্বন্দ্বীদের প্রবেশের সুযোগ তৈরি করে দিচ্ছে। বিষয়টি নিয়ে স্যামসাং তাদের বিবৃতিতে দাবি করেছে, তারা চীনা কারখানার জন্য এএমইসি-র সরঞ্জাম পরীক্ষা করেনি এবং সে ধরনের পরিকল্পনাও নেই। এসকে হাইনিক্স, এএমইসি ও যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণকারী সংস্থা বিআইএস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় স্যামসাং ও এসকে হাইনিক্সের চীনা কারখানাগুলোকে ‘ভেরিফায়েড এন্ড ইউজার’ (ভিইইউ) হিসেবে অনুমোদন দিয়েছিল, যাতে তারা আলাদা লাইসেন্স ছাড়াই মার্কিন সরঞ্জাম আমদানি করতে পারে। তবে ২০২৫ সালে সেই অনুমোদন প্রত্যাহার করা হয় এবং পরে ২০২৬ সালের জন্য এক বছরের লাইসেন্স দেয়া হয়। এমন পরিস্থিতিতে কোম্পানি দুটির আশঙ্কা, ভবিষ্যতে হয়তো তাদের চীনা কারখানায় থাকা পশ্চিমা সরঞ্জামের মেরামত ও রক্ষণাবেক্ষণের ওপরও নিষেধাজ্ঞা আসতে পারে।

স্যামসাং শিয়ানে ন্যান্ড ফ্ল্যাশ মেমরি চিপ কারখানা পরিচালনা করে। এসকে হাইনিক্সের ডালিয়ানে ন্যান্ড এবং উক্সিতে ডিআরএএম মেমরি চিপ কারখানা রয়েছে। এই কারখানাগুলোর জন্য এতদিন কোম্পানিগুলো অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস ও ল্যাম রিসার্চের মতো মার্কিন কোম্পানির এচিং সরঞ্জামের ওপর নির্ভর করত।

গবেষণা সংস্থা টেকইনসাইটসের সহ-সভাপতি ড্যান হাচেসনের মতে, চীনা সরঞ্জামের দাম বিদেশি সরবরাহকারীদের তুলনায় ২০ থেকে ৩০ শতাংশ কম হতে পারে। ইতিমধ্যে চীনের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা ইয়াংজে মেমরি টেকনোলজিস (ওয়াইএমটিসি) এএমইসি-র সরঞ্জাম ব্যবহার করছে। এতে স্যামসাং ও এসকে হাইনিক্সের কাছে চীনা সরঞ্জামের নির্ভরযোগ্যতা বেড়েছে। ডয়েচে ব্যাংকের অনুমান, নাউরা টেকনোলজি, এএমইসি, পিওটেক ও এসিএম রিসার্চের প্রতিটি কোম্পানি ২০২৬ সালে ১ বিলিয়ন ডলারের বেশি রাজস্ব উপার্জন করবে।

এএম