রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা; ওজোনের গুদামে আঘাত, নিহত ১০

রাশিয়ার সামারা অঞ্চলের ওজন গুদাম থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে
রাশিয়ার সামারা অঞ্চলের ওজন গুদাম থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে | ছবি: সংগৃহীত
0

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়া ও রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনীয় ভূখণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ হামলায় রাশিয়ার অন্যতম বৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওজোনের একটি গুদাম এবং একটি শিল্প কারখানাসহ বেশ কিছু অর্থনৈতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ কর্মকর্তাদের বরাতে গতকাল গতকাল (শনিবার, ২২ আগস্ট) এ তথ্য জানা গেছে।

প্রায় সাড়ে চার বছর ধরে চলা এই যুদ্ধে দুই পক্ষই একে অপরের অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা জোরদার করেছে। অনেক সময় যুদ্ধক্ষেত্রের সম্মুখ সীমানা ছাড়িয়ে অনেক দূরের লক্ষ্যবস্তুতেও এসব হামলা চালানো হচ্ছে। এর আগে গত শুক্রবার ইউক্রেনের মধ্যাঞ্চলে একটি শপিং সেন্টারে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ১৩০ জনের বেশি আহত হন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বলেন, ইউক্রেনের এই হামলা রাশিয়ার প্রতিশোধের ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দিয়েছে। কিয়েভের দাবি, রাশিয়ার যুদ্ধ তহবিলের উৎস বন্ধ করতেই তারা এসব অর্থনৈতিক স্থাপনায় হামলা চালাচ্ছে। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি নিয়ে আলোচনার পর ইউক্রেনে দ্রুত নতুন ফরাসি সামরিক সরঞ্জাম পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

রাশিয়ার সামারা অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ ফেদোরিশ্চেভ জানান, নভোকুইবিশভস্ক শহরে হামলায় এক বৃদ্ধা নিহত হয়েছেন এবং কয়েকটি শিল্প কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে, তারা ওই শহরের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে, যার ফলে সেখানে আগুন ধরে যায়।

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওজোন জানিয়েছে, চাপায়েভস্ক শহরে তাদের লজিস্টিক সেন্টারে হামলার পর সেখানকার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এই হামলায় কয়েকজন আহত হয়েছেন। ওজোনের প্রতিদ্বন্দ্বী ওয়াইল্ডবেরিজের ওপর বেশ কয়েক সপ্তাহ ধরে চলা ড্রোন হামলার পর এবার ওজোনেও হামলা চালানো হলো।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনাদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কোন্দরাতিয়েভ বলেন, আজভ সাগরের তীরবর্তী বন্দরনগরী ইয়েইস্কে হামলায় দুই শিশুসহ তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। বন্দরের একটি স্থাপনায় আগুন ধরে গেছে বলে তিনি জানান। ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, সেখানে ইউক্রেনীয় হামলায় দুজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। সীমান্তবর্তী আরেক অঞ্চল ব্রায়ানস্কে চারজন আহত হয়েছেন।

ক্রিমিয়ার সেভাস্তোপলের মস্কোপন্থি গভর্নর মিখাইল রাজভোজায়েভ জানান, একটি যাত্রীবাহী বাসে ইউক্রেনীয় ড্রোনের আঘাতে অন্তত দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের মস্কো নিযুক্ত গভর্নর লিওনিদ পাসেচনিক জানান, ১৬ বছর বয়সী এক কিশোরসহ দুই বেসামরিক নাগরিক নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

এএম