সোনালি রঙের এই মুদ্রার এক পিঠে ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতির সঙ্গে লিবার্টি ও ইন গড উই ট্রাস্ট কথাটি খোদাই করা রয়েছে। অন্য পিঠে মার্কিন প্রেসিডেন্টের সরকারি সিলমোহর এবং ২৫০ সংখ্যাটি লেখা। ইউএস মিন্ট জানিয়েছে, মূল্যের দিক থেকে এটি ১ ডলারের মুদ্রা হলেও সংগ্রহকারীদের জন্য ২৫টি মুদ্রার একটি রোল ৬১ ডলারে এবং ১০০টি মুদ্রার ব্যাগ ১৫৪ দশমিক ৫০ ডলারে বিক্রি করা হচ্ছে। তবে সাধারণ কেনাকাটাতেও এটি ব্যবহার করা যাবে।
হোয়াইট হাউসে ফেরার পর দেশটির বিভিন্ন ভবন ও স্মারকে ট্রাম্পের নাম বা ছবি যুক্ত করার যে উদ্যোগ নেয়া হয়েছে, এটি তারই অংশ। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট গত ১৫ জুলাই এই মুদ্রা চালুর কথা জানিয়েছিলেন। এছাড়া ট্রাম্পের ছবিসহ ২৫০ ডলারের নতুন ব্যাংকনোট ছাপানোর প্রস্তুতি চলছে বলেও গত মে মাসে জানান তিনি। এ জন্য কংগ্রেসের অনুমোদন চাইছে ট্রাম্প প্রশাসন।
১৮৬৬ সালের মার্কিন আইন অনুযায়ী, চলতি মুদ্রায় জীবিত কোনো ব্যক্তির ছবি ব্যবহার নিষিদ্ধ। তবে ২০২০ সালের একটি আইনের বিশেষ সুযোগ নিয়ে ট্রাম্পের প্রতিকৃতি মুদ্রার সামনের অংশে দেয়া হয়েছে, যা আইনসম্মত বলে দাবি ট্রাম্প প্রশাসনের। এর আগে ১৯২৬ সালে দেশটির ১৫০তম বার্ষিকীতে তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের ছবিসহ একটি স্মারক মুদ্রা প্রকাশ করা হয়েছিল। তবে সমালোচকদের ভাষ্য, সেটি সাধারণ লেনদেনের জন্য ছিল না।
মুদ্রাটিতে ট্রাম্পের ছবি যুক্ত করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতারা। নেভাডার সিনেটর ক্যাথরিন কর্টেজ মাস্তো বলেন, ‘রাজারা মুদ্রায় নিজেদের ছবি বসায়, কিন্তু আমেরিকার কখনো কোনো রাজা ছিল না এবং হবেও না।’ দেশে বহু জরুরি সমস্যা থাকার পরও ট্রাম্প নিজের প্রচারণায় বেশি মনোযোগী হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।





