অনুদান নিয়ে গোপন ক্যামেরার তদন্ত, পদ ছাড়লেন ফারাজের দুই ঘনিষ্ঠ সহযোগী

রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজের সঙ্গে ফ্রান্সের কট্টর ডানপন্থি দল ন্যাশনাল র‍্যালির (আরএন) প্রেসিডেন্ট জর্ডান বারদেলা
রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজের সঙ্গে ফ্রান্সের কট্টর ডানপন্থি দল ন্যাশনাল র‍্যালির (আরএন) প্রেসিডেন্ট জর্ডান বারদেলা | ছবি: ফ্রান্স২৪
0

যুক্তরাজ্যের নির্বাচনি আইন লঙ্ঘন করে মার্কিন উৎস থেকে বিদেশি তহবিল সংগ্রহের চেষ্টার অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন দেশটির কট্টর ডানপন্থি দল রিফর্ম ইউকের দুই শীর্ষ কর্মকর্তা। শুক্রবার চ্যানেল ফোর নিউজে প্রচারিত একটি গোপন ক্যামেরার অনুসন্ধান প্রতিবেদনে এ তথ্য উঠে আসার পর দলটির নীতিবিষয়ক প্রধান জেমস অর ও জ্যেষ্ঠ নেতা নাইজেল ফারাজের দীর্ঘদিনের সহযোগী ড্যান জুকস পদ ছাড়েন।

দলটির বার্ষিক সম্মেলনের ঠিক আগমুহূর্তে সম্প্রচারিত অনুসন্ধানে দেখা যায়, রিফর্ম ইউকের জন্য পরিচালিত তিনটি জনমত জরিপের ৩০ হাজার পাউন্ডের বেশি অর্থ পরিশোধের ব্যবস্থা করছেন এ দুই কর্মকর্তা। এছাড়া যুক্তরাজ্যে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও একজন মার্কিন নাগরিকের কাছ থেকে ৫ লাখ পাউন্ড অনুদান নেয়ার কৌশল নিয়ে তাদের আলোচনা করতে দেখা যায়।

অনুসন্ধান পরিচালনাকারী দল ভারবেটিম নিজেদের ধনী মার্কিন দাতা সাজিয়ে প্রায় এক বছর ধরে রিফর্ম ইউকের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল এবং একপর্যায়ে ফারাজের সঙ্গেও তাদের মধ্যাহ্নভোজ হয়। রিফর্ম ইউকে এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই দুই কর্মকর্তা দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তবে বার্মিংহামে অনুষ্ঠিত দলীয় সম্মেলনে দেয়া বক্তৃতায় নাইজেল ফারাজ দাবি করেন, পুরো বিষয়টি দলকে ফাঁসানোর একটি সুপরিকল্পিত চক্রান্ত।

তিনি বলেন, ‘দল কোনো অন্যায় করেনি। দল কোনো অবৈধ অর্থ নেয়নি।’ সাংবাদিকদের কাছে তিনি বলেন, ‘ভিডিওতে তার সহযোগীদের বক্তব্য অপরিণামদর্শী হলেও দলের বিরুদ্ধে তোলা অভিযোগগুলো ভিত্তিহীন। ক্ষমতাসীন লেবার পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দল বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে।’

৬২ বছর বয়সী ফারাজ ক্রিপ্টো-বিলিয়নেয়ার ক্রিস্টোফার হারবোর্নের কাছ থেকে ৫০ লাখ পাউন্ড অনুদান নেয়ার ঘটনায় আগে থেকেই সংসদীয় তদন্তের মুখে রয়েছেন।

এএম