গত গতকাল (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভিয়াচা এলাকার একটি সেনানিবাসে এ বিস্ফোরণ ঘটে। সেখানে একটি গোলন্দাজ রেজিমেন্ট মোতায়েন ছিল। বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী এরনেস্তো জাস্তিনিয়ানো জানান, সেনানিবাসে মজুত করে রাখা ‘আতশবাজি তৈরির সরঞ্জাম’ থেকে এই বিস্ফোরণের সূত্রপাত হয়। এ ঘটনায় এখনো সাতজন নিখোঁজ রয়েছেন।
স্বাস্থ্য কর্মকর্তা রিতা নেব্রাস্কা স্থানীয় টেলিভিশনকে জানিয়েছেন, এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জন হতে পারে বলে তারা ধারণা করছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের কয়েক ডজন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখছেন উদ্ধারকর্মীরা। নেব্রাস্কা আরও জানান, সেখানে পুনরায় বিস্ফোরণের ঝুঁকি থাকায় সাধারণ মানুষকে সেনানিবাস থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ এই ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, কী ঘটেছিল তা খুঁজে বের করতে একটি ‘সঠিক, প্রযুক্তিগত ও স্বচ্ছ তদন্ত’ করা হবে।
পুলিশের মুখপাত্র রজার রোকা জানান, সেনানিবাসে আতশবাজি মজুত রাখা হয়েছিল এবং বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ভিয়াচা কর্তৃপক্ষ তিন দিনের শোক ঘোষণা করেছে।





