দিল্লি পুলিশ জানিয়েছে, উদ্ধার তৎপরতা চালিয়ে এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে অবস্থিত ৭৫ শয্যার এ ভবনটি শিক্ষার্থীদের মেস হিসেবে ব্যবহৃত হতো। আজ বেলা দেড়টার দিকে ভবনটি ধসে পড়ে।
পুলিশের তথ্যমতে, ভবনটি প্রায় ৪০ থেকে ৫০ বছরের পুরোনো এবং এর বেজমেন্টে মেরামতের কাজ চলছিল। আজ রোববার ছুটির দিন হওয়ায় দুর্ঘটনার সময় ভবনটিতে অন্তত ৫০ জন শিক্ষার্থী অবস্থান করছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনার পরপরই এনডিআরএফ, ফায়ার সার্ভিস ও পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের ভবনটি খালি করা হয়েছে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তারানজিৎ সিং সান্ধু দ্রুত উদ্ধারকাজ নিশ্চিত করতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বিধায়ক অনিল শর্মা জানান, ধ্বংসস্তূপের ভেতর থেকে কিছু শিক্ষার্থী উদ্ধারের জন্য বাইরে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছেন। এদিকে এ দুর্ঘটনার পেছনে দুর্নীতিকে দায়ী করেছেন আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ।





