হরমুজ প্রণালি দিয়ে পণ্য ও তেলবাহী জাহাজ চলাচলের নিয়মাবলি নির্ধারণে ওমানের সঙ্গে কয়েক মাস ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান। ওমানের মধ্যস্থতায় সোমবারের এই বৈঠক আহ্বান করা হলেও দেশটি এখনো আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেয়নি। অন্যদিকে উপসাগরীয় দেশ বাহরাইন জানিয়েছে, তারা ইরানের সঙ্গে কোনো বৈঠকে অংশ নেবে না।
নাম প্রকাশ না করার শর্তে ওই ইরানি কর্মকর্তা জানান, হরমুজ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে মাশুল আদায়ের অধিকার চায় ইরান। তবে ওমান এই দাবির বিরোধিতা করে আসছে। সোমবারের বৈঠকে হরমুজ সংকট ছাড়াও আঞ্চলিক অন্যান্য নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।
গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে। এই সংঘাতের আগে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো।
সম্প্রতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষ থেকেই তেলবাহী ট্যাংকারে গোলাগুলি এবং ইয়েমেনে ইরানের মিত্র হুথিরা বাব-এল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হওয়ার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে।





