ইসরাইলি নীতি ফিলিস্তিনিদের অস্তিত্ব ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে: জাতিসংঘে মাহমুদ আব্বাস

জাতিসংঘ সাধারণ পরিষদে রেকর্ড করা ভার্চুয়াল ভাষণ দিচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস
জাতিসংঘ সাধারণ পরিষদে রেকর্ড করা ভার্চুয়াল ভাষণ দিচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস | ছবি: আল জাজিরা
0

ইসরাইলের নীতি কেবল দুই রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়াকেই ধ্বংস করছে না, বরং তা ফিলিস্তিনিদের অস্তিত্ব ও জীবনকে চরম হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলে জাতিসংঘ সাধারণ অধিবেশনে সতর্ক করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ফিলিস্তিনি প্রতিনিধি দলকে নিউ ইয়র্কে যাওয়ার ভিসা দিতে অস্বীকৃতি জানানোয়, গতকাল (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) রামাল্লায় নিজের কার্যালয় থেকে রেকর্ড করা একটি ভিডিও বার্তার মাধ্যমে ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যুক্ত হন মাহমুদ আব্বাস। সেখানে তিনি বলেন, ফিলিস্তিনিরা তাদের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সময় পার করছে। গাজায় নির্বিচার হত্যা, ধ্বংসযজ্ঞ, অনাহার এবং উচ্ছেদের চেষ্টার মাধ্যমে নজিরবিহীন এক মানবীয় বিপর্যয় তৈরি করা হয়েছে।

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকে ‘কপট ঔপনিবেশিক পরিকল্পনা’ হিসেবে উল্লেখ করে আব্বাস বলেন, সেখানে প্রতিদিন বাস্তব চিত্র বদলে দেওয়া হচ্ছে। দুই রাষ্ট্রভিত্তিক সমাধান টিকিয়ে রাখতে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সেখানকার নাগরিকদের সুরক্ষার জোরালো দাবি জানান তিনি। এছাড়া অভ্যন্তরীণ রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে দীর্ঘ ২০ বছর পর আগামী ২৮ নভেম্বর ফিলিস্তিনে আইনসভা নির্বাচনের আয়োজন করার পরিকল্পনা ঘোষণা করেন আব্বাস।

এদিকে পৃথক এক বিবৃতিতে গাজায় সংঘাত অবসানে গঠিত ১৫ দফার রোডম্যাপ বাস্তবায়নে পূর্ণ প্রস্তুতির কথা জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। মার্কিন-সমর্থিত 'বোর্ড অব পিস'-এর মধ্যস্থতায় এই প্রক্রিয়ার মধ্যে অস্ত্রসংবরণ, ফিলিস্তিনি জাতীয় কমিটির কাছে প্রশাসন হস্তান্তর এবং পর্যায়ক্রমে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্ত রয়েছে। তবে হামাসের মুখপাত্র হাজেম কাসেম অভিযোগ করেছেন, ইসরাইল বারবার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে এই শান্তি প্রক্রিয়া বানচাল করার চেষ্টা চালাচ্ছে।

এএম