ফুটবলারদের নাইট ক্লাব কাণ্ড: গঠিত হচ্ছে তদন্ত কমিটি, বাতিল হতে পারে ক্রীড়া ভাতা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক | ছবি: এখন টিভি
0

ফিফা আসিয়ান কাপ খেলতে গিয়ে নাইট ক্লাব কান্ডে বিতর্কিত দুই ফুটবলারকে নিয়ে বিব্রত ফুটবলাঙ্গন। এবার তাদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এরইমধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটিও। অভিযোগ প্রমাণিত হলে বাতিল করা হবে তাদের ক্রীড়া ভাতা। জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

জাতীয় দলের জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব। তবে মাঠের বাইরে বিতর্কিত কর্মকাণ্ড। ফিফা এশিয়ান কাপে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিশাল ব্যবধানে হারের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও ফুটেজ। যেখানে দেখা যায় জাতীয় দলের দুজন ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়র নাইট ক্লাবে গিয়ে নাচানাচি করছেন। দলের ব্যর্থতার পর তাদের এমন কাণ্ডে শুরু হয় চতুর্মুখী সমালোচনা। বিষয়টি নজরে এড়ায়নি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকেরও।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘এরকম একটি পারফরম্যান্সের পরে সে এই ধরনের কাজ করার দুঃসাহস করলো কিভাবে? কোথায় ছিল তার ম্যানেজমেন্ট? কারা দায়িত্বে ছিল এ বিষয়গুলো আমরা সবই ক্ষতিয়ে দেখছি।’

তদন্তে অভিযোগের সত্যতা মিললে শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট দুই ফুটবলারকে। বাতিল করা হবে সরকার প্রদত্ত ক্রীড়া ভাতাও।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমাদের যারাই এই নাইট ক্লাবে গিয়েছে ডেফিনেটলি একটি ডিসিপ্লিনারি অ্যাকশন তাদের বিরুদ্ধে অবশ্যই হবে। পাশাপাশি তারা যদি ক্রীড়া ভাতার আওতায় থেকে থাকে তাদেরকে সে ভাতা থেকে বাতিল করা হবে।’

জাতীয় দলের জার্সি শুধু মাঠের ৯০ মিনিট মাঠের দায়িত্ব নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে দেশের ভাবমূর্তিও। তাই মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের আচরণেও পেশাদারিত্ব নিশ্চিত করতে চায় সরকার।

এএম