সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসান
সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসান | ছবি: টিআরটি ওয়ার্ল্ড
0

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত নিদাল হাসানের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে কার্যকর করা হবে। পেন্টাগন জানিয়েছে, গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের এই দৃশ্য সরাসরি অনলাইনে সম্প্রচার (লাইভস্ট্রিম) করা হবে। দেশটির ইতিহাসে এটিই কোনো আইনি মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের প্রথম ঘটনা হতে যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সাবেক সেনা মনোরোগ বিশেষজ্ঞ নিদাল হাসানের মৃত্যুদণ্ড আগামী ৩ ডিসেম্বর টেক্সাসের সেই ফোর্ট হুড ঘাঁটিতেই কার্যকর করার দিন ধার্য করা হয়েছে। ১৯৪৫ সালের পর মার্কিন সামরিক বাহিনীতে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের এটিই প্রথম ঘটনা হতে চলেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই সরাসরি সম্প্রচারের পরিকল্পনা নিশ্চিত করেছেন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা নিশ্চিত করব যেন মানুষ এটি দেখতে পায়, এটি যেন উন্মুক্ত থাকে। কারণ এই ধরনের অপরাধের পরিণতি কতটা গুরুতর, তা মানুষের জানা প্রয়োজন।’ নিদাল হাসানের কোনো শেষ ইচ্ছা আছে কি না জানতে চাইলে হেগসেথ বলেন, ‘এ নিয়ে মাথাব্যথা নেই। ৩ ডিসেম্বর তার সঙ্গে দেখা হবে।’

মার্কিন সামরিক আইন অনুযায়ী ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরে প্রেসিডেন্টের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হয়। প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের সুপারিশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে সম্মতি দিয়েছেন বলে পেন্টাগন নিশ্চিত করেছে। ২০১৩ সালে সামরিক আদালত ৫৬ বছর বয়সী নিদাল হাসানকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ঘটনার সময় পুলিশের গুলিতে আহত হয়ে তিনি বর্তমানে আংশিক পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় হুইলচেয়ারে রয়েছেন।

যুক্তরাষ্ট্রে এর আগে কখনো কোনো আইনি মৃত্যুদণ্ড টেলিভিশনে বা অনলাইনে সম্প্রচার করা হয়নি। দেশটিতে সর্বশেষ ১৯৩৬ সালে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ইয়েল ল স্কুলের সামরিক আইন বিশেষজ্ঞ ইউজিন ফিদেল বলেন, মৃত্যুদণ্ড এভাবে সরাসরি সম্প্রচার করা অত্যন্ত নজিরবিহীন ঘটনা। হাসান চাইলে এটি ঠেকাতে ফেডারেল আদালতে আবেদন করতে পারেন।

সম্প্রতি প্রাণঘাতী ইনজেকশনের ওষুধের সংকটের কারণে ট্রাম্প প্রশাসন গুরুতর ফেডারেল অপরাধের ক্ষেত্রে ফায়ারিং স্কোয়াড, বৈদ্যুতিক চেয়ার ও বিষাক্ত গ্যাসে শ্বাসরোধের মতো বিকল্প পদ্ধতি অনুমোদন করেছে।

এএম