ইরান সংকট: পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার সম্ভাবনা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: রয়টার্স
0

ইরান যাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত পিকঅ্যাক্স মাউন্টেন নামের ভূগর্ভস্থ স্থাপনায় যুক্তরাষ্ট্রকে হামলা চালাতে হতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ওয়াশিংটন কোনো পরমাণু অস্ত্র ব্যবহার করবে না বলেও নিশ্চিত করেছেন তিনি।

বৃহস্পতিবার রাতে মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে বর্তমান যুদ্ধ শুরু হয়।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায় ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘যদি তাদের হাতে এটি থাকে, তবে তারা তা ব্যবহার করবে।’

ইরানের পরমাণু স্থাপনার অবস্থান তুলে ধরে ট্রাম্প বলেন, ‘তাদের পরমাণু কেন্দ্রটি পাহাড়ের লাখ লাখ টন মাটির নিচে রয়েছে। আমরা এখন পিকঅ্যাক্স মাউন্টেন পর্যবেক্ষণ করছি। আমাদের হয়তো সেখানে যেতে হতে পারে। আমরা সেখানে আঘাত হানব এবং দ্রুতই তা গুঁড়িয়ে দেয়া হবে।’ পিকঅ্যাক্স মাউন্টেন মূলত তেহরানের প্রধান একটি পরমাণু স্থাপনার কাছে মাটির গভীরে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত এক সামরিক স্থাপনা।

ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি পরমাণু অস্ত্র ব্যবহার করব না। এর কোনো প্রয়োজন আমাদের নেই।’ একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানে মার্কিন স্থলসেনা পাঠানোর কোনো পরিকল্পনা তার নেই।

ইরানের জ্বালানি অবকাঠামো ও পরমাণু স্থাপনা লক্ষ্য করে ‘মাদার অব অল বোম্বস’ নামে পরিচিত বিশালাকার জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে কি না, সে বিষয়ে ট্রাম্প কিছু জানাননি। তবে তিনি স্পষ্ট করেন, এই বোমাটি কোনো পরমাণু অস্ত্র নয়।

এএম