পারমাণবিক অস্ত্রের আকাঙ্ক্ষা নেই তেহরানের—মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান | ছবি: আল জাজিরা
0

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্যোগ নিচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তুতি ব্যক্ত করলেও মার্কিন নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির তীব্র সমালোচনা করেছেন। অন্যদিকে, ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে সৈন্য প্রত্যাহার করে নিলে হরমুজ প্রণালি চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে; অন্যথায় মার্কিন বাহিনীকে জোরপূর্বক তাড়িয়ে দেয়া হবে। সিএনবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলনের ফাঁকে জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিজের সঙ্গে বৈঠককালে মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘ইরান পারমাণবিক অস্ত্র খুঁজছে না। আমাদের দেশের বিরুদ্ধে করা অপপ্রচারকে আমরা মিথ্যা বলে মনে করি।’ তিনি আরও বলেন, ‘আমরা সব সময় আলোচনার জন্য প্রস্তুত ছিলাম। তারা মনে করে বলপ্রয়োগ করে আমাদের আত্মসমর্পণ করানো যাবে, কিন্তু আমরা চাপের কাছে মাথা নত করব না।’ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপস্থিতিতে ওই সম্মেলনে পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যে চলা সংঘাতকে ‘পরিবেশগত গণহত্যা’ (ইকোসাইড) হিসেবে অভিহিত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিন্দা জানানোর আহ্বান জানান।

ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এক্স-এ লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছেড়ে চলে গেলে হরমুজ প্রণালি আবার খুলে দেয়া হবে এবং আঞ্চলিক দেশগুলোর অংশগ্রহণে যৌথ নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। আর যদি তারা না যায়, তবে আমরা তাদের তাড়িয়ে দেব।’ এদিকে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে একের পর এক জাহাজে হামলার ঘটনা ঘটছে। ব্রিটিশ সামুদ্রিক তদারকি সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, চলতি সপ্তাহে সেখানে অন্তত ১০টি জাহাজে হামলা হয়েছে। সৌদি আরব উপকূলে একটি জ্বালানি ট্যাংকার অজানা প্রক্ষেপকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ক্রুরা নিরাপদে উচ্ছেদ হয়েছেন। ওমান সাগরে ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে একটি নিষিদ্ধ এলাকায় প্রবেশের পর একটি তেল ট্যাংকারে আগুন ধরে যাওয়ার কথা জানিয়েছে ইরানি নৌবাহিনী।

সহিংসতার এই আশঙ্কার মধ্যে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে ইরানের সামরিক স্থাপনাগুলোতে ব্যবহারের জন্য সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা ‘মাদার অব অল বম্বস’ (মোয়াব) ব্যবহারের পরিকল্পনা তৈরি করেছে হোয়াইট হাউস ও পেন্টাগন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিপূর্বে জানিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনের আগে তিনি ইরানে হামলার পরিকল্পনা করছেন না।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের নতুন ফ্রন্ট হিসেবে ইয়েমেনে সহিংসতা মারাত্মক আকার ধারণ করেছে। শুক্রবার রাতে ইয়েমেনের এডেন বিমানবন্দরে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এর আগে এডেনে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধান কার্যালয় মাআশিক প্রাসাদে হুথিদের হামলায় অন্তত পাঁচজন নিহত ও বহু লোক আহত হন। এছাড়া সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর, ইয়ানবু বন্দর ও আরামকো অবকাঠামো লক্ষ্য করে হুথিরা টানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, তারা বেশ কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করেছেন। ক্রমাগত হামলার পরও ২০২৭ সালের শুরুতে সৌদি আরবে নির্ধারিত এশিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতা যথাসময়ে আয়োজনের ঘোষণা দিয়েছে সমন্বয় কমিটি।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের অর্থনীতি চরম ধাক্কার মুখে পড়েছে। বিশেষ করে ইরাক মারাত্মক সংকটে পড়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন জানিয়েছেন, হরমুজ প্রণালি বন্ধ থাকা ও জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় তেল রপ্তানি কমে ইরাকের প্রায় ৬ হাজার কোটি ডলারের রাজস্ব ক্ষতি হয়েছে। এছাড়া দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২ হাজার কোটি ডলার কমেছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে।

এদিকে যুক্তরাজ্যে ইরানের অনুগত একটি অপরাধী চক্রের হয়ে চুক্তিভিত্তিক হত্যাকাণ্ডে অংশ নেয়ার ষড়যন্ত্রে ১৯ বছর বয়সী নরওয়েজিয়ান তরুণ জোহানেস কনসনেস নাটল্যান্ডকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। পুলিশ জানায়, সুইডেনভিত্তিক ফক্সট্রট নেটওয়ার্ক নামের একটি আন্তর্জাতিক অপরাধী চক্র ওই তরুণকে একটি অনলাইন গেম খেলার সময় অর্থের বিনিময়ে খুনের জন্য ভাড়া করেছিল, যার সঙ্গে ইরানি সরকারের যোগসাজশ রয়েছে বলে যুক্তরাজ্যের কাউন্টার টেররিজম পুলিশ জানিয়েছে।

এএম