দানদং শহরে কিম জং উনকে স্বাগত জানান চীনের প্রিমিয়ার লি ছিয়াং। ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধে উত্তর কোরিয়ার পক্ষে চীনা সেনাদের অংশগ্রহণের দিনটিকে স্মরণ করে প্রতিবছর ২৫ অক্টোবর যৌথভাবে বার্ষিকী পালন করে বেইজিং ও পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দলের একটি সূত্রের বরাতে জানা গেছে, শনিবার বিকেলেই কিমের দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।
এ নিয়ে ষষ্ঠবারের মতো চীন সফরে গেলেন কিম জং উন। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের ৮০তম বার্ষিকী উপলক্ষে তিনি বেইজিং সফর করেছিলেন। ওই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি।
এক দশকের বেশি সময় ধরে কাজ চলার পর চলতি মাসের শুরুর দিকে চীনের দানদং ও উত্তর কোরিয়ার সিনুইজু শহরের মধ্যে সংযোগ স্থাপনকারী নতুন ইয়ালু নদী সেতুটি উন্মুক্ত করা হয়। এই আধুনিক সেতুটি দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ আরও জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে।





