আগামী ১৫ থেকে ১৮ নভেম্বর ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান (আসিয়ান) সম্মেলনের ফাঁকে কোয়াড নেতাদের এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের পর এটিই হবে কোয়াড নেতাদের প্রথম শীর্ষ সম্মেলন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রথম। এর আগে ২০২৫ সালের শেষের দিকে ভারতে কোয়াড সম্মেলনে ট্রাম্পের যোগ দেয়ার কথা থাকলেও নয়াদিল্লির সঙ্গে বাণিজ্য ও শুল্ক বিরোধের কারণে তিনি সেই সফর বাতিল করেছিলেন।
কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকের মাধ্যমে আটলান্টায় অনুষ্ঠিত জি-২০ ভুক্ত অর্থনৈতিক পরাশক্তিগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুদিনের সম্মেলন সমাপ্ত হবে। সম্মেলন শেষে পররাষ্ট্রমন্ত্রীদের একটি কলেজ ফুটবল ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছেন মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সূচি অনুযায়ী, রুবিওর বড় ছেলে অ্যান্থনি ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের হয়ে খেলেন, যাদের প্রতিপক্ষ জর্জিয়া বিশ্ববিদ্যালয়।
এর আগে শুক্রবার জর্জিয়া অ্যাকোয়ারিয়ামে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে রুবিও জটিল অর্থনৈতিক ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় জি-২০ সদস্যদের পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান। তবে ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে জি-২০ ভুক্ত দেশগুলোর মধ্যে গভীর মতভেদের চিত্র ফুটে উঠেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ছবি তুলতে ইউরোপীয় কয়েকজন প্রতিনিধি অস্বীকৃতি জানানোর পর ঐতিহ্যবাহী যৌথ ছবি তোলার পর্বটি বাতিল করেন আয়োজকরা। আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্পের ডোরাল গলফ রিসোর্টে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনের পথ সুগম করতে এই আলোচনা সহায়ক হবে বলে আশা করছেন রুবিও।





